২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীর চরে ভেজাল প্রসাধন সামগ্রী জব্দ, জরিমানা

ঢাকার কামরাঙ্গীর চর এলাকার একটি কারখানা থেকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ভেজাল প্রসাধন সামগ্রী ও এসব তৈরির উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 05:13 PM

Updated : 12 Oct 2022, 04:39 PM

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কামরাঙ্গীর চরের পশ্চিম নবীনগর এলাকার সাদিয়া হারবাল নামের ওই কারখানায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দের পর নষ্ট করা হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৫ (এবিপিএন) ও ঢাকার জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে জেলা প্রশাসনের পক্ষে ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী আদালতের নেতৃত্ব দেন।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদেশি বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে ভেজাল প্রসাধন সামগ্রী বিক্রি করে প্রতারিত করায় সাদিয়া হারবালের ব্যবস্থাপক আবির হোসেনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে তিন মাসের কারাভোগ করতে হবে।

“কারখানাটি দীর্ঘদিন ধরে সয়াবিন তেল, পাম অয়েল, ময়দা, কাঠের গুঁড়া, হলুদ ও চুনা পাওডারসহ বিভিন্ন দ্রব্য মিশিয়ে নানা ধরনের অলিভ অয়েল, হার্বাল অয়েল ও চুলের তেল তৈরি করে বাজারজাত করছিল।”

ইংল্যান্ডের ‘সুপরিচিত ব্র্যান্ড’ অয়েল হেলথ কেয়ার কোম্পানির অলিভ অয়েল ও ভারতের প্রতিষ্ঠিত আয়ুর্বেদিক কোম্পানির নাম ব্যবহার করে এসব পণ্য বাজারজাত করে মানুষকে প্রতারিত করা হত বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

অভিযানে বিএসটিআই কর্মকর্তা খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।