কমলাপুরে সোনা উদ্ধার, আটক ১
রাজধানীর কমলাপুরে চট্টগ্রাম থেকে আসা এক ব্যক্তির প্যান্টের বেল্ট থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করেছে রেল পুলিশ।
আটক বলাই পাল (৬২) সোমবার সকালে তুর্ণা-নিশিথা ট্রেনে চট্টগ্রাম থেকে কমলাপুর আসেন বলে ঢাকা রেলওয়ে পুলিশের এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন।
“সকাল ৮টার দিকে কমলাপুর রেলগেটের কাছে বলাইয়ের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সদস্যরা তার শরীর তল্লাশি করে বেল্টে লুকানো সোনার বারগুলো উদ্ধার করেন।”
২৫ ভরি ওজনের এসব সোনার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা বলে জানান পুলিশ কর্মকর্তা রফিকুল।
বিস্তারিত জানতে আটক বলাই পালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
