‘ছবির কবি হাশেম খান’র মোড়ক উন্মোচন
চিত্রশিল্পী হাশেম খানের চিত্রকর্ম ও তাকে নিয়ে প্রায় অর্ধশত কবির লেখা সম্বলিত গ্রন্থ ‘ছবির কবি হাশেম খান’র মোড়ক উম্মোচন হয়েছে।
শনিবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এই বইয়ের মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বইটির মোড়ক উম্মোচন করেন।
হাশেম খান (ফাইল ছবি)
বইটি প্রকাশ করেছে চন্দ্রবর্তী একাডেমি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী মুহিত বলেন, “হাশেম খান আমাদের দেশের একজন নামকরা চিত্রশিল্পী। একইসঙ্গে তিনি একজন আদর্শবাদী সক্রিয় মানুষ। তিনি অন্যান্য শিল্পীদের চেয়ে বেশি প্রগতিশীল চিন্তার ধারক ও রক্ষক।”
‘ছবির করি হাশেম খান’ বইটি হাতে নিয়ে তিনি বলেন, “এই বইয়ে ৪৯টির বেশি লেখা। এই বই যারা লিখেছেন তারা আবৃত্তি করলে আরও ভাল লাগত। এখানে পড়ে বুঝলাম বইটি অনেক চমৎকার।”
চিত্রশিল্পী রফিকুন নবী বলেন, “উনি (হাশেম খান) চিত্রকলা থেকে শুরু করে শিল্প-সংস্কৃতির নানা দিকে নিজেকে ছড়িয়ে দিয়েছেন। এজন্য লোকে যাকে বড় বলে বড় সে হয়। এটা তার ক্ষেত্রে প্রযোজ্য।”
এসময় হাশেম খানকে নিয়ে লেখা একটি কবিতা পড়েন তিনি।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে প্রত্যক্ষ-পরোক্ষভাবে তিনি অংশগ্রহণ করেন। দেশের সৃষ্টিশীল মানুষের সৃজনশীলতা যেখানে রয়েছে হাশেম খানের অবদান সেখানেই।”
