২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উসকানিদাতাদের তথ্য সংগ্রহ হচ্ছে: পুলিশ প্রধান

কৌশলে যারা জঙ্গিবাদকে উসকে দিচ্ছে তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহের নির্দেশনা রয়েছে বলে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 02:21 PM

Updated : 12 Oct 2022, 04:38 PM

তিনি বলেছেন,“ধর্মকে বিকৃত করে যারা জননিরাপত্তার হুমকি তৈরি করে, মানুষ হত্যা করে-সেটা বন্ধ করতে হবে। কৌশলে যারা জঙ্গিবাদকে উসকে দেয় তাদের ব্যাপারে তথ্য সংগ্রহের নির্দেশনা রয়েছে।”

শনিবার পুলিশ সদরদপ্তরে সম্মেলন কক্ষে আলেম-ওলামাদের নিয়ে ‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা:বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন আইজিপি।

জঙ্গিবাদের উসকানিদাতাদের বিষয়ে খোঁজ নিতে সভায় উপস্থিত পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারিকে নির্দেশ দেন আইজিপি শহীদুল।

তিনি বলেন, “ইসলামের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে, তরুণ-যুবকদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে, তাদের বোঝানো হচ্ছে-হত্যা করলে বেহেস্তে যাওয়া যাবে।

“ইসলাম শান্তির ধর্ম, এখানে হত্যার কোনো জায়গা নেই। কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে যারা দেশ ও ইসলামের নিরাপত্তার জন্য হুমকি, তাদের বিরুদ্ধে সমন্বিতভাবে জনমত তৈরি করতে হবে।”

পুলিশ প্রধান বলেন, “২১ জন জঙ্গির ফাঁসির আদেশ হয়ে আছে। অতি দ্রুত মামলাগুলো নিষ্পত্তি হোক- সেটা প্রত্যাশা করছি বলে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আমরা চেষ্টা করছি।

“এসব মামলা দ্রুত নিষ্পত্তি হলে একটা সুরাহা হবে।”

ধর্মের নামে যারা অপপ্রচার করে তাদের বক্তব্য খারিজ করে ইসলামের দর্শন প্রচার করতে আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানান তিনি।

হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর আপত্তিতে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের সনদ প্রদানের বিষয়টি আটকে আছে বলে জানান শহীদুল হক।

তিনি বলেন, “এ ব্যাপারে উচ্চ পর্যায়ের একটি কমিটি ছিল। এই কমিটির সভাপতি ছিলেন হাটহাজারী মাদ্রাসার মাওলানা শফী। কাজ অনেক দূর পর্যন্ত এগিয়েছিল।

“কিন্তু সনদ দিলে গৃহযুদ্ধ লাগবে-মাওলানা শফীর এমন বক্তব্য আসার পর আর এগোয়নি। সনদ প্রাপ্তির ব্যাপারে বর্তমানে আপনারা উচ্চ পর্যায়ে কথা বলতে পারেন।”

আইজিপির বক্তব্যের আগে উপস্থিত আলেম-ওলামাদের মধ্যে কয়েকজন বক্তব্য রাখেন।

‘বাংলাদেশে যে সুফীবাদের মাধ্যমে ইসলাম এসেছে তাকে এখন ধ্বংস করা হচ্ছে’ বলে অভিমত দেন তাদের কয়েকজন।

সুফীবাদীদের নিরাপত্তা দিলে দেশে জঙ্গিবাদের অস্তিত্ব থাকবে না বলে মনে করেন তারা।

মাদ্রাসা বোর্ড ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদীদের উপস্থিতি রয়েছে অভিযোগ করে এ প্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানান একজন।

আল্লামা শায়েখ গোলাম মাওলা বলেন, “কওমী মাদ্রাসা থেকে বের হয়েছে জঙ্গি মুফতি হান্নান এবং আলিয়া মাদ্রাসা থেকে বের হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আরেক জঙ্গি শায়েখ আব্দুর রহমান।

“এসব প্রতিষ্ঠান মনিটর করা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল এবং টিভি চ্যানেলগুলো মনিটর করতে হবে।”

মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রসঙ্গ তুলে একজন আলেম বলেন, “ওই হত্যাকাণ্ডে চিহ্নিত খুনিরা আইনের আওতায় না আসায় আলেম-ওলামারা ভয় পাচ্ছেন। তাদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি এখন জরুরি।”

তার বক্তব্যের জবাবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ওই মামলায় অগ্রগতি নেই তা সত্য নয়। এরইমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

“এখন পুলিশ একজনকে খুঁজছে। আশা করি তাকে দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে। ইসলামের নামে যারা আলেম-ওলামাদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আলেম-ওলামাদের পক্ষে একজন বক্তা বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের জন্য পদক্ষেপ নিতে পুলিশের মহাপরিদর্শকের প্রতি অনুরোধ জানান।

এ প্রসঙ্গে শহীদুল হক বলেন, “পিস টিভি বন্ধের ব্যাপারে বলেছেন, সেখানে ইসলামবিরোধী প্রচারণা হচ্ছে, জঙ্গিবাদকে উসকে দেওয়া হচ্ছে। প্রকৃত ইসলামের সঙ্গে কনফ্লিক্ট তৈরি করে এমন কোন সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে তা তথ্যমন্ত্রীকে দেন, আমরা পুলিশের পক্ষ থেকে বলব। বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে।”

এক আলেমের ফতোয়া বোর্ড গঠনের প্রস্তাবের জবাবে পুলিশ প্রধান বলেন, “একেকজন একেক রকম ফতোয়া দেয়। এটা ঠিক না। ফলে বোর্ডের প্রয়োজনীয়তা আছে।

“আপনাদের সাথে অনেকের উচ্চ পর্যায়ে যোগাযোগ আছে, এ ব্যাপারে আপনারাও কথা বলেন।”

অনুষ্ঠানে বিভিন্ন বক্তার তুলে ধরা সুপারিশ-প্রস্তাব প্রসঙ্গে অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারি বলেন, “এসব যাচাই-বাছাই করে কীভাবে ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখা হবে। জঙ্গিবাদকে কীভাবে নিস্ক্রিয় করা যায় সেটা আপনারা দেখবেন।”

অনুষ্ঠানে পুলিশ সদরদপ্তরসহ ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।