ডেমরায় আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ
রাজধানীর ডেমরার সানারপাড় এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার নাম এনামুল হক গিয়াস (৫০)। তিনি সারুলিয়ার আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিম সানারপাড় চৌরাস্তা সংলগ্ন দেয়ালঘেরা একটি পরিত্যক্ত জায়গা থেকে এনামুলের লাশ উদ্ধার করা হয় বলে ডেমরা থানার এসআই আশীষ কুমার দে জানিয়েছেন।
ঘটনাস্থলে থাকা এসআই আবদুল কুদ্দুস জানিয়েছেন, এনামুলের পরনে রয়েছে খয়েরি রংয়ের শার্ট ও প্যান্ট।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার রাত ১১টার দিকে এনামুল বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।”
ঘটনাস্থল থেকে ২০০ গজ দূরেই এনামুলের বাসা বলে জানান তিনি।
