প্রধানমন্ত্রীর নজর কাড়তে ১ ঘণ্টা বাড়তি কাজের কর্মসূচি
দাবি আদায়ে প্রধানমন্ত্রীর নজর কাড়তে একদিন অফিস সময়ের বাইরে অতিরিক্ত এক ঘণ্টা কাজ করবেন সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তারা।
শুক্রবার ঢাকায় ‘জাতীয় মহাসম্মেলন’ করে ‘আন্দোলনের’ এই কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদ (বাসসকপ)।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলনে সংগঠনের সভাপতি মো. শফিউল আজম বলেন, “নতুন বেতন কাঠামোয় ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের বৈষম্য সৃষ্টি করা যাবে না।”
এছাড়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল, সব গ্রেডের কর্মকর্তাদের কমপক্ষে চারটি গ্রেড পরিবর্তনের সুযোগ এবং ইউএনওদের কর্তৃত্ব রহিতের দাবি জানান তিনি।
এসব দাবি আদায়ে আগামী ৮ থেকে ১৯ ডিসেম্বর ঢাকা বিভাগের বিভিন্ন সরকারি অফিসে সাংগঠনিক সফরের কর্মসূচি ঘোষণা করেন শফিউল।
তিনি বলেন, ১৯ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্য বিকাল ৫টা থেকে ৬টা তারা ‘অতিরিক্ত’ এক ঘণ্টা কাজ করবেন।
“এরপরও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকৃষ্ট না হলে ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা কলমবিরতি কর্মসূচি পালন করবে সারাদেশের সাড়ে তিন লাখ কর্মকর্তা।”
এছাড়া আগামী ২২ থেকে ২৯ ডিসেম্বর বিভাগীয় ও জেলা শহরে সাংগঠনিক সফর এবং ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে সংবাদ সম্মেলন করে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে শফিউল জানান।
দাবি বাস্তবায়নে প্রয়োজনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বাসার পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ারও হুমকি দেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের এই নেতা।
শফিউল বলেন, ইউএনওদের ‘কর্তৃত্ব ক্ষমতা’ বাতিল না করলে প্রয়োজনে সব নন-ক্যাডার কর্মকর্তরা কর্মবিরতিতে যাবেন।
উপজেলা পরিষদের কাছে ১৭ দপ্তর হস্তান্তরের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তের পর মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৪ অক্টোবর একটি অফিস স্মারক জারি করে।
এতে বলা হয়, উপজেলা পরিষদে ন্যস্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও আনুষঙ্গিক ব্যয়ের হিসাব এবং উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হিসাব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনও’র স্বাক্ষরে পরিচালিত হবে।
মাঠ পর্যায়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ‘খবরদারি’ বন্ধে ব্যবস্থা নিতে ‘প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির’ ব্যানারে কর্মসূচির মধ্যেই সরকারের এ সিদ্ধান্ত আসে।
বাসসকপ মহাসচিব জিন্নাত আলী জানান, সরকারের ৩৭টি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশ সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদ গঠন করা হয়েছে। এতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সাড়ে তিন লাখ নন-ক্যাডার কর্মকর্তা রয়েছেন।
সংগঠনভুক্ত বিভিন্ন দপ্তরের ২৫ জন কর্মকর্তা এ মহাসম্মেলনে বক্তব্য দেন। বেশিরভাগ কর্মকর্তাই প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সমালোচনা করেন।
যুগ্ম-মহাসচিব ফেরদৌসী বেগম বলেন, “ইউএনওকে ক্ষমতা দিয়ে যে ‘কালাকানুন’ হয়েছে তা কোনোভাবেই মেনে নেব না।”
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সমিতির মহাসচিব কামরুল হাসান বলেন, “উপজেলা পরিষদের কালো আইন মানতে রাজি নই, ইউএনওদের কর্তৃত্ব মানতেও রাজি না আমরা।”
