গুলশান লেকের জমি পুনরুদ্ধারে অভিযান
আদালতের নির্দেশনা অনুযায়ী রাজধানীর গুলশান লেকের প্রায় এক বিঘা জায়গা ‘পুনরুদ্ধারে’ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাউজক)।
শুক্রবার গুলশান ২৮ ও ২৯ নম্বর রোডের পাশের ক্রসিং সংলগ্ন এলাকায় রাজউক এই অভিযান চালায় বলে গুলশান থানার এসআই মো. রাসেদ জানান।
লেকের কিছু ভরাট হয়ে যাওয়া অংশ থেকে মাটি খনন করে ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
রাজউকের গুলশান লেক প্রকল্পের পরিচালক মনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জলাশয় আইন-২০০০ অনুযায়ী হাই কোর্টের নির্দেশনা মেনে লেকের ওই জমি পুনরুদ্ধারে এ অভিযান চালানো হয়েছে।
তিনি বলেন, লেকের জমি দখলের পেছনে রাজউকের কোনো কর্মকর্তা বা পুলিশের গাফিলতি পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে আদালত।
“হাতিরঝিলের সঙ্গে গুলশান লেক যুক্ত হবে। ওইখানে একটি সুন্দর ও দৃষ্টিনন্দন লেক করার ইচ্ছা আছে আমাদের,” বলেন এই রাজউক কর্মকর্তা।
