২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দুই অ্যালবাম আনলেন এরশাদপুত্র এরিক

এরশাদ-বিদিশার একমাত্র ছেলে এরিকের নতুন দুটি গানের অ্যালবাম বেরিয়েছে। এ নিয়ে পাঁচটি অ্যালবাম বেরল অটিস্টিক এই শিশুর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 01:48 AM

Updated : 22 Aug 2022, 02:08 PM

Image
হুসেইন মুহম্মদ এরশাদ, ফাইল ছবি

হুসেইন মুহম্মদ এরশাদ, ফাইল ছবি

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এরিকের নতুন অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, “রাজনৈতিক ব্যস্ততার কারণে নিজের দ্বিতীয় সন্তান এরিককে আমি সময় দিতে পারিনি।

“এরিক যখন আমার জীবনে আসে, তখন সে মাত্র দুই বছরের শিশু। সে স্নেহবঞ্চিত সন্তান। ছেলেবেলা থেকে মাতৃস্নেহ পায়নি। আমিও আমার অপর সন্তান জাতীয় পার্টি নিয়ে ব্যস্ত থেকেছি সব সময়। ওকে স্নেহ-ভালবাসা দিতে পারিনি, বঞ্চনা করেছি।”

২০০৫ সালে এইচ এম এরশাদের সঙ্গে বিদিশার বিচ্ছেদের পর থেকে বাবার সঙ্গেই থাকছেন এরিক। বর্তমানে সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি স্কুলে পড়ছেন তিনি।

এরশাদের অপর সন্তান সাদ তার প্রথম স্ত্রী ও বর্তমানে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে থাকেন।

এরিককে নিয়ে এরশাদ আরও বলেন, “ও একা একা বড় হয়েছে। খেলার সঙ্গী নেই, কথা বলার লোক নেই…সেজন্য সঙ্গীতকে বেছে নিয়েছে। ওর দুঃখ এখন আমি বুঝি। আমার সন্তানকে অবহেলা করে যা করেছি তা ভাবলে এখন আমার কষ্ট হয়।”

অনুষ্ঠানে এরিকের গাওয়া রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম ‘যে ফুল ফোটে ফুলবনে’ এবং আধুনিক সঙ্গীতের অ্যালবাম ‘হৃদয়ে লিখ নাম’র মোড়ক উন্মোচন করেন এরশাদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী উপস্থিত ছিলেন।