২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থী হওয়ার সুযোগ শেষের পর যোগ্যতার ব্যাখ্যা ইসির

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয় বৃহস্পতিবার বিকাল ৫টায়।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 12:17 AM

Updated : 22 Aug 2022, 02:08 PM

তার কয়েক ঘণ্টা পর রাতে নির্বাচন কমিশন একটি পরিপত্র জারি করে, যাতে পৌর ভোটে অংশ নিতে প্রার্থিতার যোগ্যতার ব্যাখ্যা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসি সচিবালয় থেকে জারি করা এই পরিপত্রটির নম্বর ৬। অথচ রিটার্নিং কর্মকর্তাদের জন্য বুধবার ৭, ৮ ও ৯ নম্বর পরিপত্র জারি করা হলেও ৬ নম্বরটি বাদ ছিল।

আইনের কিছু বিষয় স্পষ্টকরণ সংক্রান্ত এ পরিপত্রে বলা হয়েছে, মেয়ররা স্বপদে থেকে নির্বাচন করতে পারবেন। তবে অন্য স্থানীয় সরকার পরিষদের কেউ স্বপদে থেকে পৌর নির্বাচন করতে পারবেন না।

এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের স্বপদে থেকে ভোটে বাধা নেই। সরকারি স্কুলে শিক্ষকদের পদ ছাড়তে হবে নির্বাচন করতে।

সরকারি চাকরি থেকে ইস্তফা দেওয়া বা পিআরএল-এ থাকা চাকুরেরা নির্বাচন করতে পারবেন। পেনশনভুক্তরা নির্বাচন করতে পারবেন।

যে কোনো সরকারি চাকরিজীবী অব্যাহতি নিলেই ভোট করতে পারবেন, তিন বছর অপেক্ষার দরকার পড়বে না বলে ৬ নম্বর পরিপত্রে বলা হয়েছে।

পরিপত্র জারির পর অনেকেই বলছেন, এ নির্দেশনা আগে দেওয়া হলে অনেকেই ভোটে দাঁড়াতে পারতেন। এটা দেরিতে দেওয়ার ‘রহস্য’ কী?

জানতে চাইলে ইসির উপসচিব সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব বিধান রিটার্নিং কর্মকর্তারা জানেন, তবুও তাদের স্মরণ করিয়ে দিতে পরিপত্র জারি করা হল।”

এক-তৃতীয়াংশ পৌরসভায় ৪৫১৪ মনোনয়নপত্র

২৩৫ পৌরসভায় মনোনয়নপত্র জমা হলেও রাত পর্যন্ত সব ক’টিতে প্রার্থীর সংখ্যা ইসি সচিবালয় থেকে পাওয়া যায়নি। 

Image
রাজশাহীর নওহাটী ও কাটাখালী পৌরসভায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হয় পবা উপজেলা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। সেখানে ঢোকার পথে সবাইকে পড়তে হয় পুলিশের তল্লাশির মুখে।

রাজশাহীর নওহাটী ও কাটাখালী পৌরসভায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হয় পবা উপজেলা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। সেখানে ঢোকার পথে সবাইকে পড়তে হয় পুলিশের তল্লাশির মুখে।

রাত ১০টা পর্যন্ত ৮৭টি পৌরসভার মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য সংগৃহীত হওয়ার কথা জানান ইসির একজন উপসচিব।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৮৭টি পৌরসভায় ৪ হাজার ৫১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে মেয়র পদে ৪১১ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩ হাজার ২৫৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৫০ জন।

দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত এই নির্বাচনে তিন পদে এবার ১৫ হাজারের মতো মনোনয়নপত্র জমা পড়তে পারে বলে ধারণা করছেন ইসি কর্মকর্তারা।

নির্দলীয়ভাবে সর্বশেষ ২০১১ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আড়াইশ’ পৌরসভায় মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১৫ হাজারেরও বেশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল।

এবার অনেক পৌরসভায় মনোনয়নপত্র জমা দিতে কেউ কেউ প্রতিপক্ষের বাধা পেয়েছেন বলে অভিযোগ এসেছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও এসেছে বহু। তবে কোনো ব্যবস্থা নেওয়ার নজির দেখা যায়নি।

Image
ঢাকার সাভার পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবদুল গনি মনোনয়নপত্র জমা দেন সদলবলে।

ঢাকার সাভার পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবদুল গনি মনোনয়নপত্র জমা দেন সদলবলে।

মনোনয়নপত্র জমা দিতে মিছিল, শোডাউন ও ৫ জনের বেশি লোক নিয়ে আসায় নিষেধাজ্ঞা রয়েছে আচরণবিধিতে। কিন্তু তাতে কান দিতে দেখা যায়নি বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের।

কয়েকটি স্থানে বিএনপি, জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিপক্ষের বাধার সম্মুখীন হচ্ছেন- এমন অভিযোগও আসে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, “দুয়েকটি জায়গা থেকে খবর এসেছে মনোনয়নপত্র জমা দিতে প্রতিপক্ষ বাধা দিচ্ছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি, বিষয়গুলো সম্পূর্ণ সত্য নয়।”

চাঁদপুরের মতলব উত্তর ও চট্টগ্রামের রাউজানে এমন অভিযোগের বিষয়ে নিজে প্রশাসনের সঙ্গে কথা বলেছেন জানিয়ে এই কমিশনার বলেন, “প্রকৃতপক্ষে সে ধরনের কোনো ঝামেলা হয়নি। অভিযোগগুলো পুরোপুরি সত্য আমি বলব না, হয়ত সামান্য দুর্ঘটনা ঘটে থাকতে পারে।”

বাছাই ৫-৬ ডিসেম্বর

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৫ ও ৬ ডিসেম্বর (শনি-রোববার) এবং প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরাই থাকবে ভোটে।

বাছাইয়ের আগে নির্বাচনী আইন অনুসরণে প্রার্থীদের অযোগ্যতা, দল মনোনীত প্রার্থী নিশ্চিতে ক্ষমতাপ্রাপ্তদের নাম ও নমুনা স্বাক্ষর, স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন যাচাই এবং ঋণখেলাপির তথ্য সরবরাহ, হলফনামার সঙ্গে প্রয়োজনী দলিলাদি যাচাই, মনোনয়নপত্রের প্রস্তাবক-সমর্থক যাচাইসহ নির্বাচন কর্মকর্তাদের কাছে প্রয়োজনী নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

উপ সচিব সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিটার্নিং অফিসার শনিবার ও রোববার প্রার্থী বা তার প্রতিনিধির উপস্থিতিতে বাছাই করবেন। বিধি মেনে মনোনয়নপত্র বৈধ না হলে বাতিল করা হবে।”

তবে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে পরবর্তী তিন দিনের মধ্যে আপিল করতে পারবে সংক্ষুব্ধরা।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ মনোনয়নপত্র বাছাই সঠিকভাবে করতে কঠোর নির্দেশনা দিয়েছেন মাঠ কর্মকর্তাদের। তবে ছোটখাট করণিক ভুল থাকলে প্রার্থীকে তা ঠিক করে দেওয়ার সুযোগ দিতে বলেছেন।

দল মনোনীত একজন প্রার্থীই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেয়েছে এবার। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হতে ১০০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দিতে হয়েছে। তবে সাবেক মেয়রদের স্বতন্ত্র প্রার্থী হতে সমর্থকের তালিকা লাগেনি।

মনোনয়নপত্র বাছাইয়ের সুবিধার জন্য ঋণখেলাপিদের তথ্য দিতে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছিল ইসি। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়।

সাপ্তাহিক বন্ধের দিন শুক্র, শনি ও সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যাংকগুলোর সিআইবি সেল খোলা রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

পৌর মেয়র ও কাউন্সিলর পদের জন্য ১২ ডিজিটের টিআইএন নম্বর এবার বাধ্যতামূলক করেছে ইসি।