২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিবন্ধীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হোক’

প্রতিবন্ধীদের জন্য সর্বত্র নিরাপদ চলাচলের ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন অধিকারকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 12:55 PM

Updated : 12 Oct 2022, 04:37 PM

আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের সামনে এক মানববন্ধনে দাবি জানান বক্তারা।

বেসরকারি সংস্থা ‘ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট’ এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে অংশ নেন ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্টের কর্মকতা জিয়াউর রহমান, সহকারী প্রকল্প কর্মকর্তা তালুকদার রিফাত পাশা ও শামীম জাহান, ইনিস্টিটিউট অব ওয়লবিয়িংয়ের কর্মকর্তা মাসুম বিল্লাহ ভূইঁয়া ও গ্রিন ভয়েসের সহ-সমন্বয়ক মো. হুমায়ুন কবির সুমন প্রমুখ।

শামীম জাহান বলেন, “প্রতিবন্ধীদের জন্য শিক্ষা ও চিকিৎসা সব সুযোগ বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু একজন প্রতিবন্ধী ঠিকভাবে সর্বত্র চলাফেরা করতে পারেন না।তাই প্রতিবন্ধীদের সর্বত্র নিরাপদ চালফেরার সুযোগ করে দিতে হবে।”

উদাহরণ দিয়ে তিনি জানান, একজন প্রতিবন্ধী বহুতল কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের সুযোগ পেলেও ক্লাসে যাওয়ার ক্ষেত্রে তাকে বাধার সম্মুখীন হতে হচ্ছে। হুইল চেয়ার নিয়ে তাকে ওই ভবনে উঠতে হচ্ছে।”

শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথেও প্রতিবন্ধীদের অনেক সমস্যায় পড়তে হয় বলে জানান তিনি।

জিয়াউর রহমান বলেন, “প্রতিবন্ধীদের সব স্থানে প্রবেশের সুবিধা নিশ্চিত করা ছাড়া সর্বস্তরে তাদের অর্ন্তভুক্তিকরণ সম্ভব নয়। তাই তাদের এই সুযোগ করে দিতে হবে।”

প্রতিবন্ধীদের সুরক্ষা দিতে দুই বছর আগে আইন করা হলেও তার বাস্তাবায়ন হয়নি বলে অভিযোগ করেন ইনিস্টিটিউট অব ওয়লবিয়িংয়ের মাসুম বিল্লাহ ভূইঁয়া।

“এই আইনের ৩৪ ধারায় সব স্থান প্রতিবন্ধীদের চলাফেরার উপযোগী করতে বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না,” বলেন এই অধিকারকর্মী।