২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন জঙ্গি দল ‘মুজাহিদ অফ বাংলাদেশের’ ৬ সদস্য আটক

রাজধানীর মতিঝিল এলাকা থেকে জেএমবির আদলে সংগঠিত ‘মুজাহিদ অফ বাংলাদেশ’ নামে নতুন এক জঙ্গি সংগঠনের ছয় সদস্যকে আটক করা হয়েছে, যারা এক ‘হুজুরকে’ হত্যার পরিকল্পনা করছিল বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 10:31 AM

Updated : 22 Aug 2022, 02:08 PM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যার দিকে তাদের আটক করা হয়। 

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম জানান, “আটকরা বাংলাদেশে জঙ্গি প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে আসছিল। বিচিত্র সব নাম ব্যবহার করে সংগঠন চালাচ্ছিল তারা।”

এরা হলেন- জহিরুল ইসলাম ওরফে ‘আনসার’ ওরফে ‘চূড়ান্ত লড়াই’ ওরফে জহির; খন্দকার রাজেশ সুবহান ওরফে ‘রাজু’ ওরফে ‘কাঁচা মরিচ’ ওরফে ‘আদার ব্যাপারী’; আবু বকর সিদ্দিক ওরফে ‘আবির’ ওরফে ‘মৌমাছি’ ওরফে ‘নিয়মের অনিয়ম’ ওরফে ‘একটুকরা মেঘ’ ওরফে ‘সাদা পাতা’; আব্রাহাম আহমেদ আল তারেক; মোরশেদুল ইসলাম ওরফে ‘কিং মোর খান’; কাজি বাপ্পি আহমেদ ওরফে ‘সাজ্জাদ’ ওরফে ‘তারেক বিন জিয়া মোল্লা আকতার মোহাম্মদ মনসুর’।

গোয়েন্দা কর্মকর্তা মনিরুল জনান, পুলিশ সদর দপ্তরের ‘এলআইসি শাখা’ ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ যৌথ অভিযান চালিয়ে মতিঝিল শাপলা চত্বর এলাকায় সোনালী ব্যাংকের সামনে থেকে জেএমবির আদলে সংগঠিত ‘মুজাহিদ অফ বাংলাদেশ’-এর এই ছয়জনকে আটক করে।

বিচিত্র নামকরণের বিষয়ে মনিরুল বলেন, এগুলো তাদের ফেইসবুক আইডির নাম। গোয়েন্দাদের নজর এড়াতে তারা এসব নাম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। 

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা জানিয়েছে, ফেইসবুকের মাধ্যমে নিজেদের মধ্যে তারা যোগাযোগ রক্ষা করে, সদস্য সংগ্রহ ও অর্থ সংগ্রহ করে থাকে।”

এরা সবাই গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক সংলগ্ন এলাকায় বিভিন্ন সময় ‘জঙ্গি প্রশিক্ষণ কার্যক্রম’ পরিচালনা করেছে জানিয়ে মনিরুল বলেন, “তারা ঢাকায় এক হুজুরকে হত্যার পরিকল্পনা করছিল।

এই ছয়জনের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা হয়েছে বলে জানান তিনি।