২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব প্রাথমিক বিদ্যালয়ে পানি ও টয়লেটের ব্যবস্থার সুপারিশ

বাংলাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্ন টয়লেট ও পর্যাপ্ত পানির ব্যবস্থা করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 09:15 PM

Updated : 22 Aug 2022, 02:06 PM

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি মোতাহার হোসেন সাংবাদিকদের বলেন, “দেশের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত বাথরুম নেই এবং পানির ব্যবস্থাও নেই। কোনো কোনো স্কুলে টিউবওয়েল থাকলে তা অকেজো এবং চুরি হয়ে গেছে।”

তবে এ পর্যন্ত ১০ হাজার বিদ্যালয়ে বাথরুম ও পানির সুবিধা নিশ্চিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে আগামী তিন বছরের মধ্যে বাকি স্কুলগুলোতেও বাথরুম ও পানির সুবিধা প্রদান করার সুপারিশ করা হয়েছে।

পুরনো ও নতুন প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার মানের বৈষম্য দূর করার জন্য কমিটি আন্তঃবিদ্যালয় বদলির বিশেষ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে জানিয়ে মোতাহার হোসেন বলেন, “সরকারিকরণ করা নতুন ও পুরনো বিদ্যালয়গুলোতে শিক্ষকদের সমন্বয় করার সুপারিশ করেছে কমিটি।”

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বিদ্যালয়বিহীন এলাকায় ১৫০০ প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করে কমিটি।

আরও জানানো হয়, কমিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শুন্যপদগুলো জরুরি ভিত্তিতে পূরণের লক্ষ্যে পদোন্নতিযোগ্য পদগুলোতে দ্রুত পদোন্নতি অথবা চলতি দায়িত্ব প্রদানের সুপারিশ করে।

বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন,  মো. নজরুল ইসলাম বাবু, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল অংশ নেন।