২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির বুদ্ধির ‘প্রশংসা’ অ্যাটর্নি জেনারেলের 

একাত্তরে ‘যুদ্ধাপরাধ ঘটেনি’ বলে যে দাবি পাকিস্তান করেছে, তার সঙ্গে দ্বিমত প্রকাশ করে বিএনপি ‘বুদ্ধিমানের কাজ’ করেছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 08:38 PM

Updated : 25 Apr 2022, 02:13 PM

বুধবার তিনি সাংবাদিকদের বলেছেন, “পাকিস্তান আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে যে কথাগুলো বলেছে এবং যেসব ঔদ্ধত্যপূর্ণ উক্তি করেছে, বিএনপি যদি এটার প্রতিবাদ না করত, তাহলে কিন্তু রাজনৈতিকভাবে বিএনপি একদম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকত।”

একাত্তরে যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তান অসন্তুষ্টি প্রকাশের পর সম্প্রতি ঢাকায় দেশটির হাই কমিশনারকে তলব করে অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার।

এরপর সোমবার ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে পাকিস্তান সরকার বলে, একাত্তরে যুদ্ধের মধ্যে অপরাধ সংঘটন ও বর্বরতার ঘটনা ঘটেনি।

যুদ্ধাপরাধের চলমান বিচার ‘ত্রুটিপূর্ণ’ বলে পাকিস্তান দাবি করে আসছে। বিএনপিও বলছে, ‘স্বচ্ছতার’ সঙ্গে বিচার না করে এর মধ্য দিয়ে ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ’ করছে আওয়ামী লীগ সরকার।

যুদ্ধাপরাধে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর দল বিএনপির এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার সাংবাদিকরা পাকিস্তানের বক্তব্য নিয়ে দলটির প্রতিক্রিয়া জানতে চান।

জবাবে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, “আমি খুবই সংক্ষেপে এক লাইনে মন্তব্য করতে চাই, পাকিস্তানি সৈন্যবাহিনী, তারা জেনোসাইড ঘটিয়েছে। তাদের এসট্রোসিটি ছিল। সুতরাং সত্যকে আড়াল করা যাবে না।”

এ প্রসঙ্গ টেনে বুধবার যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর আপিল মামলার শুনানির পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “একটি রাজনৈতিক দল… তারা বুদ্ধিমানের কাজই করেছে, এটাকে ভেতর থেকে না বললেও অন্ততপক্ষে বাহ্যিকভাবে যে বলেছে, এটা অন্ততপক্ষে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই।”