২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোস্তগোলার জাহাঙ্গীর হত্যা মামলায় স্ত্রীসহ ৫ জনের মৃত্যুদণ্ড বহাল

রাজধানীর পোস্তগোলা এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যা মামলায় তার স্ত্রী নাট্যশিল্পী সুমাইয়া কানিজ সাগরিকাসহ পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2015, 05:42 PM

Updated : 25 Apr 2022, 02:13 PM

সাগরিকা ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি চার আসামি হলেন- ইব্রাহীম ওরফে ইয়াছিন, ‘হিজড়া’ খলিল, আল আমিন ও খলিল শেখ।

বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আশরাফ লিটনের অপরাধ ‘সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায়’ হাই কোর্ট তাকে খালাস দিয়েছে।

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল এবং ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি শেষে বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহর হাই কোর্ট বেঞ্চ সোমবার এ রায় দেয়।

এই ছয়জনের সবাই বর্তমানে কারাগারে আছেন বলে ডেপুটি অ্যার্টনি জেনারেল এম এ মান্নান মোহন জানান।

ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০১০ সালের ২১ জুন এ মামলার রায়ে ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিল।

অভিযোগপত্রে নাম আসা আসামিদের মধ্যে ইসমাইল হোসেন নামের একজনকে খালাস দেওয়া হয়েছিল ওই রায়ে।

নিম্ন আদালতের ওই রায়ের পর ডেথ রেফারেন্স শুনানির জন্য হাই কোর্টে আসে। পাশাপাশি নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন।

চলতি বছরের ৮ নভেম্বর থেকে ২৯ নভেম্বর হাই কোর্টে এ মামলার শুনানি চলে। রায় ঘোষণা হয় ৩০ নভেম্বর।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল এম এ মান্নান মোহন ও সহকারী অ্যার্টনি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।

সাগরিকার পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, খলিলের পক্ষে ইয়াহিয়া দুলাল, খলিল শেখ ও আল-আমিনের পক্ষে এবাদুর রহমান, লিটনের পক্ষে আইনজীবী ফজলুল হক খান ফরিদ এবং ইব্রাহীমের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাসনা বেগম শুনানি করেন। 

২০০৮ সালের ৪ নভেম্বর খুন হন লোহা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। তিনি শ্যামপুরের আরসিন গেইট এলাকার এক বাসায় স্ত্রী সাগরিকা এবং মেয়ে অনামিকা, আশা ও অপূর্বাকে নিয়ে ভাড়া থাকতেন।

জাহাঙ্গীরের বাবা ফিরোজ আলম ওই ঘটনার পর সাগরিকাসহ সাতজনকে আসামি করে শ্যামপুর থানায় মামলা করেন।

এজাহারে বলা হয়, অভিনেত্রী সাগরিকার ‘বিয়ে বহিভূর্ত সম্পর্ক’ ছিল এবং তাদের দিয়েই তিনি জাহাঙ্গীরকে খুন করান।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক মো. শাহজালাল আলম তদন্ত শেষে ওই বছর ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন। মামলার শুনানিতে সাক্ষ্য দেন ৩৭ জন।

ডেপুটি অ্যার্টনি জেনারেল মান্নান মোহন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাগরিকা, খলিল, ইব্রাহীম ও আল-আমিন এ মামলার বিচারে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

“ওই জবানবন্দি এবং সাক্ষ্য-প্রমাণ বিবেচনা করে আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হাই কোর্ট সাগরিকাসহ পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে।”

আর আসামি আলী আশরাফ লিটনের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপিল করবে বলে জানান তিনি।

খালাস পাওয়া লিটনের আইনজীবী ফজলুল হক খান ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিটন স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেননি, অন্যের স্বীকরোক্তির ভিত্তিতে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততাও ছিল না। এসব দিক বিবেচনায় আদালত তাকে খালাস দিয়েছে।”

সাগরিকার আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, “আমি মক্কেলকে বলব আপিল করতে।”