আন্তর্জাতিক গণমাধ্যমে সাকা-মুজাহিদের ফাঁসির খবর
বাংলাদেশে এক রাতে একাত্তরের দুই যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকরের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
রোববার প্রথম প্রহরে দণ্ড কার্যকর হওয়ার পর বিবিসি ওয়ার্ল্ডের ওয়েসবাইটে দীর্ঘ সময় এটি প্রধান প্রতিবেদন হিসেবে রাখা হয়। রয়টার্সসহ আন্তর্জাতিক বার্তাসংস্থাগুলোও বেশ কয়েকবার খবরটি আপডেট করে।
সাবেক এই দুই মন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকরের খবরে বিবিসির শিরোনাম ছিল - বাংলাদেশ হ্যাংস চৌধুরী অ্যান্ড মুজাহিদ ওভার নাইনটিন সেভেনটি ওয়ান ওয়ার ক্রাইমস।
তাদের প্রতিবেদনে সাকা চৌধুরীকে ছয়বারের নির্বাচিত সাংসদ ও প্রভাবশালী রাজনীতিক এবং মুজাহিদকে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থি দলের একজন শীর্ষ নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
রয়টার্সের প্রতিবেদনের শিরোনাম ছিল- বাংলাদেশ এক্সিকিউটস টু অপোজিশন লিডারস ফর নাইনটিন সেভেনটি ওয়ান ওয়ার ক্রাইমস।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, “১৯৭১ সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার যুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের জন্য বিরোধী দুই নেতার মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাংলাদেশ।”
প্রতিবেদনে মুজাহিদকে বলা হয় ‘ইসলামপন্থি বিরোধী নেতা’; আর সাকা চৌধুরীকে ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির সাবেক সাংসদ’ হিসেবে উল্লেখ করা হয়।
“শনিবার মুজাহিদ ও সালাউদ্দিনের প্রাণভিক্ষা চেয়ে করা আবেদন রাষ্ট্রপতি নাকচ করার কিছু সময় পর তাদের ফাঁসি দেওয়া হয়।”
চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার শিরোনাম- বাংলাদেশ বুস্টস সিকিউরিটি অ্যাজ এক্স-মিনিস্টার, ল’ মেকার হ্যাংড ফর নাইনটিন সেভেনটি ওয়ান ওয়ার ক্রাইমস।
প্রতিবেদনে বলা হয়, “বাংলাদেশ রোববার প্রথম প্রহরে কড়া নিরাপত্তার মধ্যে ১৯৭১ সালে দেশটির স্বাধীনতা যুদ্ধের সময়কার যুদ্ধাপরাধের দায়ে দুই বিরোধী নেতার মৃত্যুদণ্ড কার্যকর করেছে।”
প্রতিবেদনে মুজাহিদকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাকাকে বিএনপির একজন নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, “রাষ্ট্রপতি আবদুল হামিদ মুজাহিদ ও সালাউদ্দিনের প্রাণভিক্ষার আবেদন নাকচ করার কয়েক ঘণ্টা পর ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।”
প্রতিবেদনে মুজাহিদকে বাংলাদেশের ‘সবচেয়ে বড় ইসলামপন্থি’ দল জামায়াতে ইসলামীর দ্বিতীয় শীর্ষ নেতা এবং সাকা চৌধুরীকে ‘প্রধান বিরোধী দল’ বিএনপির নেতা খালেদা জিয়ার একজন শীর্ষ সহযোগী ও সাবেক সাংসদ হিসেবে উল্লেখ করা হয়।
‘বাংলাদেশ হ্যাংস টু লিডারস কনভিকটেড অব ওয়ার ক্রাইমস’ শিরোনামের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস লিখেছে, “১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীন হওয়ার যুদ্ধের সময়কার পাশিবকতার দায়ে অভিযুক্ত বিরোধী দুই সিনিয়র নেতাকে রোববার ফাঁসিতে ঝুলিয়েছে বাংলাদেশি কর্তৃপক্ষ।”
ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক হিন্দুর শিরোনাম- টু টপ বাংলাদেশ ওয়ার ক্রিমিনালস হ্যাংড।
প্রতিবেদনে বলা হয়েছে, “বাংলাদেশের শীর্ষ দুই যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদকে দেশটির ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়কার মানবতাবিরোধী অপরাধের জন্য ফাঁসিতে ঝোলানো হয়েছে।
“সব আইনি প্রক্রিয়া শেষে রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিলে রোববার প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।”
হিন্দু লিখেছে, “মুজাহিদ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, যিনি ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী বাহিনী আল বদর নেতা, যে বাহিনী ১৯৭১ সালে অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে।
“আর বিএনপির প্রেসিডিয়াম সদস্য সাকা চৌধুরী প্রায় ৪৪ বছর আগে পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান সহযোগী হিসেবে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হন দেশটির সর্বোচ্চ আদালতে।”
পশ্চিমবঙ্গের বহুল প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজার তাদের শিরোনাম করেছে ‘ঢাকায় রাতেই ফাঁসি গণহত্যার দুই নায়ককে’।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, “বুধবার সর্বোচ্চ আদালত আসামিদের আপিল খারিজ করে দেওয়ার পর দেরি করল না বাংলাদেশ সরকার। শনিবার রাতেই ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হল একাত্তরে গণহত্যার দুই নায়ক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামাতে ইসলামির সাধারণ সম্পাদক আলি আহসান মহম্মদ মুজাহিদকে।
“দিনভর নাটকের পর শেষ পর্যন্ত এই ফাঁসি কার্যকর হয় কি না, তা জানতে উৎসুক ছিলেন দেশজোড়া মানুষ। সময় নষ্টের কোনও অছিলা আসামিদের পক্ষে বাদ রাখা হয়নি। এমনকী বেনজিরভাবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষাও করেন তারা। কিন্তু রাতেই সেই আর্জি খারিজ হয়ে যাওয়ার পরে ফাঁসির রায় কার্যকর করতে সব বাধা কেটে যায়। ফাঁসি হয়ে যাওয়া মাত্র উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ।”
“ঢাকায় বুদ্ধিজীবীদের গণহত্যার মাথা মুজাহিদ ছিলেন খালেদার সমাজকল্যাণ মন্ত্রী। আর চট্টগ্রাম থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষকে উজাড় করার নায়ক সাকা চৌধুরী ছিলেন মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সংসদীয় উপদেষ্টা।”
পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপি’র প্রতিবেদন। তাদের শিরোনাম- বাংলাদেশ একজিকিউটস টু অপোজিশন লিডারস ডেসপাইট কনসার্নস।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়কার যুদ্ধাপরাধের অভিযোগে বিরোধী দুই ‘প্রভাবশালী’ নেতাকে ফাঁসি দিয়েছে বাংলাদেশ।
“আইনি প্রক্রিয়ায় 'ত্রুটি’ এবং সহিংসতার হুমকির পরও তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।”
জামায়াতে ইসলামী যে এক বিবৃতিতে সোমবার হরতাল ডেকেছে এবং দলটির অপর দুই জ্যেষ্ঠ নেতাকে যে ইতোমধ্যে যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছে- তাও এসেছে এ প্রতিবেদনে।
এতে বলা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী দেশটির স্বাধীনতা যুদ্ধের সময় নির্যাতন, ধর্ষণ ও গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। আর মুজাহিদ দোষী সাব্যস্ত হয়েছেন গণহত্যা, বুদ্ধিজীবীদের হত্যার ষড়যন্ত্র, নির্যাতন ও অপহরণের দায়ে।
