২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওদের গাড়িতে যারা পতাকা দিয়েছে, তাদের আত্মহত্যা করা উচিত’

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সাবেক দুই মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের, যারা একাত্তরে দেশের জন্ম ঠেকাতে মানবতার বিরুদ্ধে ঘৃণ্যতম ও বর্বরতম অপরাধ সংঘটন করেছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2015, 07:22 AM

Updated : 12 Oct 2022, 04:31 PM

স্বাধীন বাংলাদেশেও মুক্তিযুদ্ধকে তুচ্ছ-তাচ্ছিল্য এবং নানা দম্ভোক্তিকারী দুই যুদ্ধাপরাধীর ফাঁসি এড়াতে শেষ চেষ্টা হিসেবে প্রাণভিক্ষা চাওয়ার কথা তুলে ধরে রাজনীতিতে তাদের পৃষ্ঠপোষকদের নিয়ে প্রশ্ন তুলেছেন একজন যুক্তিযোদ্ধা।

রোববার প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান মুক্তিযোদ্ধা  জহিরউদ্দিন জালাল, যিনি ‘বিচ্ছু জালাল’ নামেই বেশি পরিচিত।

কারাফটকে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের বলেন, “যে সাকা বলেছিল, আমি যুদ্ধাপরাধীর সন্তান হিসাবে গর্বিত সে রাষ্ট্রপতির কাছে বলেছে, আমি ক্ষমা চাই। যে মুজাহিদ বলেছিল, দেশে কোনো যুদ্ধাপরাধী নাই, সে বলেছে আমি ক্ষমা প্রার্থনা করছি।

“এরপর তো যারা তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে তাদের আত্মহত্যা করা উচিত।”

বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন একাত্তরের বদর কমান্ডার মুজাহিদ। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ওই আমলে মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন।

তার আগে এরশাদের শাসনামলে বিভিন্ন সময়ে ত্রাণ ও পুনর্বাসন, গৃহায়ণ ও গণপূর্ত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন সাকা চৌধুরী, যিনি একাত্তরে চট্টগ্রামে ত্রাস সৃষ্টি করেছিলেন।

যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকরের পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তা দেশের কাজে লাগানোর দাবি জানান মুক্তিযোদ্ধা জালাল।

“এদের হাতে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। আমরা যুদ্ধ করেছি, এরা লুটপাট করেছে। যুদ্ধের পর মানুষের ভিড়ে লুটপাট করেছে। লুটপাট করে মুক্তিযোদ্ধাদের ওপর দায় চাপিয়েছে।

“এই টাকাগুলো যেন সরকার বাজেয়াপ্ত করে এবং দেশের কাজে লাগায়,” বলেন তিনি।