নতুন যাত্রায় মাইলফলক হবে এই ফাঁসি: ইমরান
একাত্তরের বদর কমান্ডার একজন, অন্যজন চট্টগ্রামে সৃষ্টি করেছিলেন ত্রাস; বঙ্গবন্ধুকে হত্যার পর উল্টোস্রোতে বাংলাদেশের যে যাত্রা তাতেও নেতৃত্ব দেন তারা- এই দুই যুদ্ধাপরাধী মুজাহিদ ও সালাউদ্দিনের ফাঁসি বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন ইমরান এইচ সরকার।
যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে দুই বছর আগে যে গণআন্দোলনের সূচনা হয়েছিল, সেই আন্দোলন থেকে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান বলছেন, “সদ্য স্বাধীন দেশে তিন বছরের মাথায় জাতির জনককে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে উল্টো পথে নিয়ে যাওয়ার নীলনকশা করেছিল অপশক্তি।
“বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে যাচ্ছিল তারা।”
আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির মধ্য দিয়ে বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।
“এই দুটি রায় কার্যকর সেই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।”
রোববার রাতের প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ার পর এ প্রতিক্রিয়া জানান ইমরান।
রাত ১২টা ৫৫ মিনিটে সাকা-মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের খবর আসার পর আনন্দ-উল্লাস প্রকাশ করেন শাহবাগে সমবেত গণজাগরণ কর্মীরা। দুই মানবতাবিরোধী অপরাধীর ফাঁসি কার্যকরের অপেক্ষায় শুক্রবার রাত থেকে সেখানে অবস্থান নিয়েছিলেন তারা।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুদ্ধাপরাধের ফাঁসির দাবির আন্দোলনে নিহত গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের স্মরণ করেন মঞ্চের মুখপাত্র ইমরান।
দীর্ঘদিনের এই আন্দোলনে পাশে থাকায় দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি।
যুদ্ধাপরাধের বিচার দাবির আন্দোলনের অগ্রপথিক শহীদ জননী জাহানারা ইমামের প্রতিও শ্রদ্ধা জানান ইমরান এইচ সরকার।
রায় কার্যকরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “সকল প্রতিকূলতার মধ্যেও বিচার কাজ সম্পন্ন ও রায় কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা জানাই।”
ইমরান বলেন, “এই বিচারের দায় কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, এই দায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের সকল জনগণের। আমরা বলেছি, এই মামলার বাদীও বাংলাদেশের ১৬ কোটি মানুষ।
“রায় কার্যকরের মাধ্যমে ১৬কোটি মানুষের বিজয় হয়েছে। মুক্তিযুদ্ধের চিন্তা-চেতনার বিজয় হয়েছে।”
