নাশকতা ঠেকাতে দেশজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা: আইজিপি
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর ঘিরে নাশকতা ঠেকাতে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ প্রধান একেএম শহিদুল হক জানিয়েছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে শনিবার রাতে দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের প্রস্তুতি চলার মধ্যে তিনি একথা বলেন। পরে রাত ১২টা ৫৫ মিনিটে দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হয়।
আইজিপি শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফাঁসি কার্যকর কেন্দ্র করে কেউ যেন কোনো রূপ নাশকতা করতে না পারে সেজন্য দেশের সকল পুলিশ সদস্যকে সতর্ক থাকতে বলা হয়েছে।
“আমরা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে সকল প্রস্তুতি নিয়েছি।”
সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর ঘিরে রাজধানীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।
যানবাহনে তল্লাশির পাশাপাশি কাউকে সন্দেহ হলে তল্লাশি করতে দেখা গেছে। রাজধানীজুড়ে রয়েছে পুলিশ-র্যাবের টহল।
ঢাকা শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ-র্যাব নিয়োজিত রয়েছে।
জেলা প্রতিনিধিরাও বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন।
