এখন সম্পদ বাজেয়াপ্ত করতে হবে: শাহরিয়ার
একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের পর তাদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি তুলেছেন যুদ্ধাপরাধের বিচার দাবিতে আন্দোলন করে আসা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
রোববার প্রথম প্রহরে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের পর কমিটি সভাপতি শাহরিয়ার কবির এই দাবি জানান।
যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত না করলে শহীদ পরিবারের প্রতি ন্যায়বিচার হবে না বলে মন্তব্য করেন তিনি।
মুজাহিদের যুদ্ধাপরাধ মামলার এই সাক্ষী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এদের দণ্ড কিন্তু একাত্তরেই হয়ে গিয়েছিল। একাত্তরে যুদ্ধ চলাকালেই বাংলাদেশ সরকার এদের প্রাণদণ্ড দিয়েছিল। সেই সিদ্ধান্ত অনুসারে সাকার উপর আক্রমণও হয়েছিল। তিনি তখন বেঁচে গিয়েছিলেন, এটাই তার ভাগ্য।
“এরপরও তারা ৪৪ বছর বেঁচে ছিল এবং বেশিরভাগ সময় ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকার সময় তারা একদিকে বিত্ত-বৈভবের মালিক হয়েছে। অন্যদিকে মুক্তিযুদ্ধের যাবতীয় অর্জনকে ধ্বংস করার চেষ্টা করেছে। আমাদের সংবিধান, আমাদের মূল্যবোধ-সবকিছু।
“এমনকি শহীদ পরিবার, যাদেরকে তারা একাত্তরে হত্যা করেছে, তাদের পরিবারকে তারা এই সময়ে ভয়ানকভাবে লাঞ্ছিত করেছে। তারা যখন ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি, বঙ্গবন্ধু শহীদ পরিবারের যাদের সামান্য একটু থাকার জায়গা দিয়েছিল, তাদের অনেককে সেখান থেকে লাথি মেরে বের করে দিয়েছিল। সব ভাতা কেড়ে নেওয়া হয়েছে।
“এই জন্য আমার বক্তব্য হচ্ছে, মৃত্যুদণ্ডতো একাত্তরের অপরাধের জন্য দেওয়া হয়েছে। কিন্তু শহীদ পরিবারের ৪৪ বছরের যে লাঞ্ছণা, তাদের দুঃসহ বেদনা, জীবনযুদ্ধ, ৪৪ বছরের ক্ষতিটা; পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানোর যে ক্ষতি, প্রতিদিন তাদেরকে সেই ক্ষতির মধ্য দিয়ে যেতে হয়েছে।”
“ছেলে-মেয়েদের খাওয়াতে পারেননি, ঠিকমতো লেখাপড়া করাতে পারেননি। কোন স্বাদ-আহ্লাদ মেটাতে পারেননি। অভাবে অভাবে জর্জরিত ছিল জীবন।”
“আমার আবেদন হচ্ছে, এই সময়ে যুদ্ধাপরাধীরা যে সম্পদের পাহাড় গড়েছে, এই সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ পরিবারকে দিতে হবে। না হলে শহীদ পরিবারের প্রতি আমরা ন্যায়বিচার করতে পারব না।”
যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ এবং তাদের সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ করার দাবি জানান শাহরিয়ার কবির।
তিনি বলেন, “এই সব প্রতিষ্ঠান থেকে জামায়াত শত শত কোটি টাকা আয় করে। এই টাকা শহীদ পরিবারকে দিতে হবে। এর মাধ্যমে ৩০ লাখ শহীদকে ন্যায়বিচার দিতে পারব, নয়তো ন্যায়বিচার অসম্পূর্ণ থেকে যাবে।”
যুদ্ধাপরাধে জড়িত পাকিস্তানিদের বিচারের দাবিও তুলেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি।
তিনি বলেন, “পাকিস্তানিদের বিচার করাটাও জরুরি হয়ে পড়েছে। দ্বিতীয় ট্রাইব্যুনালকে পুনরুজ্জীবিত করতে হবে, সেখানে একাত্তরের গণহত্যার জন্য জামায়াতসহ পাকিস্তানিদের বিচার শুরু করতে হবে।
“মন্ত্রী হওয়ার সুবাদে এরা ভেবেছিল, এদের হাত অনেক লম্বা। সাকাতো ভেবেছিল, তার হাত কেবল পাকিস্তান নয়, আমেরিকা পর্যন্ত লম্বা। কিন্তু আইনের হাত যে অপরাধীর হাতের চেয়েও আরও লম্বা, সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি।
“এই ন্যায়বিচারের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হল, অপরাধীর হাত যতই লম্বা হোক না কেন, তা আইনের হাতের চেয়ে লম্বা নয়। এটা কেবল আমাদের জন্য সত্য নয়, এটা ইতিহাসের সত্য।
“সত্যের জয় হয়েছে, মানবতার জয় হয়েছে। প্রত্যেকটা বিচারের ভেতর দিয়ে আমরা বোধ প্রতিষ্ঠা করছি, আমরা একটা অপরাধী সমাজ না। এখানে অপরাধ করলে শাস্তি পেতে হয়। এই বোধ আমরা প্রতিষ্ঠা করছি।”
