জালিয়াতি-রায় ফাঁসে আলোচনায় সাকার বিচার
ঔদ্ধত্য, তীর্যক এবং অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করে সব সময় আলোচনায় থাকা সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার বিচারও রায় ফাঁস আর জাল সনদ উপস্থাপনের মধ্য দিয়ে ভিন্নধর্মী আলোচনার জন্ম দিয়েছিল।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালে রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে সাধারণত ওয়েবসাইটে রায়ের অনুলিপি পাওয়া যায়।
তবে ট্রাইব্যুনাল রায় ঘোষণার আগেই সাকা চৌধুরী, তার স্ত্রী ও পরিবারের সদস্য এবং আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। রায়ের ‘খসড়া কপি’ও সংবাদকর্মীদের দেখান তারা। দুদিন আগে থেকেই রায় ইন্টারনেটে পাওয়া যাচ্ছে বলে সালাউদ্দিন কাদের আদালতে বলেন।
রায় ঘোষণার কিছুক্ষণ আগে সাকার ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, জাস্টিস কনসার্ন ডট অর্গ নামের একটি ওয়েবসাইটে রায় তিনি আগেই দেখেছেন, আদালতে এসেছেন ‘তামাশা’ দেখতে।
রায়ের সময় সাকা চৌধুরীও একই ধরনের কথা বলে বিচারকদের রায় পড়া থামাতে বলেন। রায় পড়া শেষ হলে সাকার স্ত্রী আদালতকে উদ্দেশ্য করে রায় ফাঁসের কথা জানান।
ওইদিন তাৎক্ষণিকভাবে প্রসিকিউশন ও রাষ্ট্রপক্ষ এবং সরকারের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হলেও পরে পর্যালোচনায় গলদ বেরিয়ে আসে।
পরদিন ট্রাইব্যুনালের নিবন্ধক (রেজিস্ট্রার) একেএম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ২ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় একটি জিডি করেন। পরে ৪ অক্টোবর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান শাহবাগ থানায় আরেকটি মামলা করেন।
এই মামলার আসামিদের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী জামিনে আছেন। কারাগারে আছেন সাকার আইনজীবী ফখরুল ইসলাম, ম্যানেজার মাহবুবুল আহসান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী ও ফারুক হোসেন। ফখরুলের সহকারী মেহেদী হাসান পলাতক।
এদের মধ্যে ট্রাইব্যুনালের পরিচ্ছন্নতাকর্মী নয়ন ও সাঁটলিপিকার ফারুক হোসেনকে ২০১৩ সালের ৫ অক্টোবর গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ নভেম্বর সেগুনবাগিচায় পাইওনিয়ার রোডের চেম্বার থেকে আইনজীবী ফখরুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীর এক সহকারী বড় অঙ্কের অর্থের লোভ দেখিয়ে ট্রাইব্যুনালের দুই কর্মীর মাধ্যমে যুদ্ধাপরাধ মামলার রায়ের খসড়ার অংশবিশেষ বের করেন। ওই অংশটিই রায়ের দিন আদালতে সাংবাদিকদের দেখানো হয়।
আসামি নয়ন ও ফারুক ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটি সাইবার আদালতে বিচারাধীন রয়েছে।
আদালতে সাকার দেওয়া বিভিন্ন দলিলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে ট্রাইব্যুনাল ও আপিল বিভাগ। পরে রিভিউর রায়ে সাকার জালিয়াতির বিষয়টি স্পষ্ট করে আদালত।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় আপিলেও বহাল থাকার পর রিভিউ আবেদনের শুনানিতে শেষ চেষ্টা হিসেবে একাত্তরে বাংলাদেশে ছিলেন না বলে দাবির পক্ষে একটি ‘প্রমাণ’ তুলে ধরার চেষ্টা চালিয়েছিলেন যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী।
কিন্তু একাত্তরে পাকিস্তানে থাকার সপক্ষে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের যে সনদ এই বিএনপি নেতার পক্ষে তুলে ধরা হয়, তাতে জালিয়াতি ধরা পড়ে সর্বোচ্চ আদালতে। এটি স্পষ্টতই আদালতকে বিভ্রান্ত করার প্রয়াস ছিল বলেও মন্তব্য এসেছে রায়ে।
রিভিউ খারিজ করে দেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চের ওই রায় বৃহস্পতিবার প্রকাশের পর তাতে এ বিষয়ে আদালতের মন্তব্য দেখা যায়। এই বেঞ্চের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
সালাউদ্দিন কাদেরের ১৩ পৃষ্ঠার রায়ে বলা হয়, আপিল শুনানির পর দেওয়া রায়ে কোনো ত্রুটি বিচারকদের নজরে আসেনি। সুতরাং দণ্ড পুনর্বিবেচনার কোনো কারণও তারা খুঁজে পাননি।
মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীর জিপে হামলা এবং তার আহত হওয়ার বর্ণনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মুক্তিযোদ্ধাদের সাক্ষ্যে উঠে এসেছিল; তবে তখনও তার পক্ষে দাবি করা হচ্ছিল, একাত্তরে তিনি ছিলেন পাকিস্তানে।
রিভিউ খারিজের রায়ে বলা হয়, সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধকালে পাকিস্তানে ছিলেন উল্লেখ করে দাবির সপক্ষে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের কাছ থেকে একটি প্রশাংসাপত্র নিয়ে আসেন। তবে সেখানকার শিক্ষা সনদ না আনতে পারায় আপিল বিভাগ ওই প্রশংসাপত্র অবিশ্বাস করে।
“ওই সময় সনদ আনতে না পারার ব্যাখ্যা তারা দেননি। অন্যদিকে অপরাধের পক্ষে শক্তিশালী মৌখিক ও দালিলিক সাক্ষ্য ছিল।”
রিভিউ শুনানির সময় সালাউদ্দিন কাদেরের পক্ষে পাঞ্জাব ইউনিভার্সিটির ওই সনদ উপস্থাপন করা হয় এবং মূলত এর উপর ভিত্তি করেই শুনানি করেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
রিভিউর রায়ে বলা হয়েছে, “আইনজীবী ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, তিনি ২০১৫ সালের নভেম্বরের পূর্বে সনদের অনুলিপি পাননি। কিন্তু এই সনদ ইস্যু হয়েছিল ২০১২ সালে। তাই তার দাবির কোনো ভিত্তি নেই। অধিকন্তু তার আবেদনে এই সংক্রান্ত কোনো বক্তব্য নেই।
“ধারণা করা যায়, তিনি আগেই সনদের অনুলিপির জন্য আবেদন করেছিলেন, যা ২০১২ সালের ২২ মে ইস্যু করা হয়। কিন্তু এ বছরের ১৬ নভেম্বরের পূর্বে তিনি কেন এটা আদালতে দাখিল করেননি-সে সংক্রান্ত কোনো ব্যাখ্যা নেই।
“এই সনদে কোনো আস্থা রাখা যায় না। এটা একটা জাল দলিল, যেটা আদালতকে বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হয়। এই সনদ পাকিস্তানে থাকা বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িতও করা হয়নি।”
সালাউদ্দিন কাদেরের আইনজীবীর শুনানিতে আপিলের রায়ের সারবত্তা নিয়ে প্রশ্ন না তোলার বিষয়টি তুলে ধরে বিচারকরা বলেন, তাই ধরে নেওয়া যায়, রায়ে আইনগত কোনো ভুল নেই। রায় পুনর্বিবেচনার মতো কোনো শক্তিশালী যুক্তিও নেই।
“শক্তিশালী ও নির্ভরযোগ্য প্রমাণের মাধ্যমে প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে যে, সালাউদ্দিন কাদের নিজে উপস্থিত থেকে হত্যায় অংশ নিয়েছেন। এই সব অপরাধে তার সরাসরি অংশগ্রহণের পক্ষে দেওয়া প্রমাণগুলো তার পক্ষে দেওয়া মৌখিক সাক্ষ্য ও তার দেওয়া জালিয়াতির দলিলের উপর স্থান পাবে।”
মুসলিম লীগ থেকে জাতীয় পার্টি ও এনডিপি হয়ে বিএনপিতে আসা সালাউদ্দিন সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সময় একবার তার শিক্ষাগত যোগ্যতার স্থানে ‘নাই’ লিখেছিলেন।
তবে নবম সংসদের সদস্য হিসেবে সংসদের প্রকাশনায় তার জীবনবৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতার স্থানে লেখা আছে, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিএ (অনার্স) ডিগ্রি। পরে আইন বিষয়ে পড়াশোনা করলেও তা শেষ করেননি।
