২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌরমেয়র পদে দলীয় প্রার্থিতার বিলে রাষ্ট্রপতির সই

পৌরসভা নির্বাচনে শুধু মেয়র পদে দলীয় প্রার্থিতার বিধান রেখে সংসদে পাস হওয়া বিলে ‘সম্মতি’ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 06:21 PM

Updated : 22 Aug 2022, 02:00 PM

শনিবার রাষ্ট্রপতি ওই বিলে সই করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত বৃহস্পতিবার স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০১৫ সংসদে পাস হয়। নিয়ম অনুযায়ী সংসদে পাসের পর রাষ্ট্রপতির সই নেওয়ার মাধ্যমে কোনো বিল আইনে পরিণত হয়।

রাষ্ট্রপতি সই করার পর সরকার আইনটি গেজেট আকারে প্রকাশ করবে।

সংশোধিত আইন অনুযায়ী পৌরসভায় কাউন্সিলর প্রার্থীরা নির্দলীয়ভাবে ভোট করতে পারবেন। আর মেয়র পদে নিবন্ধিত দল মনোনীত প্রার্থীর বাইরে অন্যদের স্বতন্ত্র প্রার্থী হতে হবে।

এই বিল পাসের ফলে নির্বাচনের সময় হওয়া পৌরসভাগুলোর নির্বাচনের তফসিল ঘোষণার পথ সুগম হল। ডিসেম্বরের মধ্যে এসব পৌরসভায় একদিনে ভোট করার পরিকল্পনার কথা ইতোমধ্যে জানিয়েছে নির্বাচন কমিশন।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, “দল মনোনীতরা অংশ নিলে প্রার্থীদের দায়বদ্ধতা বাড়বে। রাজনৈতিক দলের অঙ্গীকার যথাযথভাবে পালনের সুযোগ সৃষ্টি হবে।প্রার্থীরা নির্বাচিত হয়ে জনগণকে আরও বেশি সেবা দিতে তৎপর থাকবে।”

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার আরও চারটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। বিলগুলো হল-  উন্নয়ন সারচার্জ ও লেভী (আরোপ ও আদায়) বিল-২০১৫, বাংলাদেশ কয়েনেজ (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫, গণকর্মচারী (বিদেশি নাগরিকের সহিত বিবাহ) বিল-২০১৫ ও ট্রেডমার্ক (সংশোধন) বিল-২০১৫।