‘পাঠ্যপুস্তকে লালনের দর্শন যুক্ত করতে হবে’
অসাম্প্রদায়িক ও মানবতাবাদী সমাজ গঠনে পাঠ্যপুস্তকে লালনের চিন্তা-দর্শন যুক্ত করার বিষয়ে মত এসেছে লালন উৎসবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর প্রাণকেন্দ্রে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে (মাঠে) শুরু হয় সাধু ও মানবতাবাদী শিল্পীদের দুদিনের এই উৎসব।
উদ্বোধনী পর্বের আলোচনায় লালন গবেষক আনোয়ারুল করিম বলেন, স্রষ্টা, মানবতা ও প্রকৃতি বিষয়ে নিজস্ব দর্শন সৃষ্টি করেছিলেন লালন। তার দর্শন ছিল জাত-পাতের বিরুদ্ধে। অসাম্প্রদায়িক সমাজ গঠনে লালনের চিন্তা ও আদর্শকে বাঁচিয়ে রাখতে এই মুহূর্তে অনেক কিছু করার আছে।
“পাঠ্যপুস্তকে আরও বেশি লালনের চিন্তা-দর্শন যুক্ত করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে বাউল শিল্পী লালনকে নিয়ে যেমন পড়াশোনা হয় বাংলাদেশেও তার প্রচলন করা উচিত। লালনের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
“কবি কাজী নজরুল ইসলামের নামে যেমন বিশ্ববিদ্যালয় হয়েছে, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় করার চিন্তা করা হচ্ছে। একইভাবে মানবতার কাবি লালনের নামেও বিশ্ববিদ্যালয় প্রয়োজন।”
লালন রিচার্স ফাউন্ডেশন নামের নতুন একটি সংস্থা প্রথমবারের মতো ঢাকায় এ উৎসবের আয়োজন করে।
অনুষ্ঠানের আয়োজক সংগঠনের অন্যতম নেতা এসএম জোয়ারদার লালনের নামে জাতীয় পুরস্কার চালু করার দাবি জানান। লালন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাদের সংগঠনের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব এসএম শওকত আলী বলেন, আজকের অনুষ্ঠান থেকে যে দাবি উঠেছে তা খুবই প্রাসঙ্গিক। এর মাধ্যমে লালন ও তার আদর্শকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দ্বিতীয় পর্বে ক্লোজআপ ওয়ান তারকা নাসরীন আক্তার বিউটি, বিমান চন্দ্র বিশ্বাস, আরিফ বাউল ও পাগলা বাবলুসহ অন্যরা গান পরিবেশন করবেন বলে ঘোষণা করা হয়।
