সাকার জালিয়াতি ধরা আদালতে
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় আপিলেও বহাল থাকার পর রিভিউ আবেদনের শুনানিতে শেষ চেষ্টা হিসেবে একাত্তরে বাংলাদেশে ছিলেন না বলে দাবির পক্ষে একটি ‘প্রমাণ’ তুলে ধরার চেষ্টা চালিয়েছিলেন যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী।
কিন্তু একাত্তরে পাকিস্তানে থাকার সপক্ষে পাঞ্জাব ইউনিভার্সিটির যে সনদ এই বিএনপি নেতার পক্ষে তুলে ধরা হয়, তাতে জালিয়াতি ধরা পড়েছে সর্বোচ্চ আদালতে। এটি স্পষ্টতই আদালতকে বিভ্রান্ত করার প্রয়াস ছিল বলেও মন্তব্য এসেছে রায়ে।
রিভিউ খারিজ করে দেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চের ওই রায় বৃহস্পতিবার প্রকাশের পর তাতে এ বিষয়ে আদালতের মন্তব্য দেখা যায়। এই বেঞ্চের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
ওই রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে, যেখানে বন্দি রয়েছেন সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের। রিভিউ ছিল তার আইনি লড়াইয়ের শেষ ধাপ। তা খারিজের পর এখন রাষ্ট্রপতির ক্ষমা ছাড়া ফাঁসিকাষ্ঠ এড়ানোর কোনো সুযোগ নেই তার।
সালাউদ্দিন কাদেরের ১৩ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, আপিল শুনানির পর দেওয়া রায়ে কোনো ত্রুটি অথবা আইনের বত্যয় বিচারকদের নজরে আসেনি। সুতরাং দণ্ড পুনর্বিবেচনার কোনো কারণও তারা খুঁজে পাননি।
মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীর জিপে হামলা এবং তার আহত হওয়ার বর্ণনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মুক্তিযোদ্ধাদের সাক্ষ্যে উঠে এসেছিল; তবে তখনও তার পক্ষে দাবি করা হচ্ছিল, একাত্তরে তিনি ছিলেন পাকিস্তানে।
রিভিউ খারিজের রায়ে বলা হয়, মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানে ছিলেন উল্লেখ করে দাবির সপক্ষে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের কাছ থেকে একটি প্রশাংসাপত্র নিয়ে আসেন। তবে সেখানকার শিক্ষা সনদ না আনতে পারায় আপিল বিভাগ ওই প্রশংসাপত্র অবিশ্বাস করে।
“ওই সময় সনদ আনতে না পারার ব্যখ্যা তারা দেননি। অন্যদিকে অপরাধের পক্ষে শক্তিশালী মৌখিক ও দালিলিক সাক্ষ্য ছিল।”
রিভিউ শুনানির সময় সালাউদ্দিন কাদেরের পক্ষে পাঞ্জাব ইউনিভার্সিটির ওই সনদ উপস্থাপন করা হয় এবং মূলত এর উপর ভিত্তি করেই শুনানি করেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
রিভিউর রায়ে বলা হয়েছে, “আইনজীবী ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, তিনি ২০১৫ সালের নভেম্বরের পূর্বে সনদের অনুলিপি পাননি। কিন্তু এই সনদ ইস্যু হয়েছিল ২০১২ সালে। তাই তার দাবির কোনো ভিত্তি নেই। অধিকন্তু তার আবেদনে এই সংক্রান্ত কোনো বক্তব্য নেই।
“ধারণা করা যায়, তিনি আগেই সনদের অনুলিপির জন্য আবেদন করেছিলেন, যা ২০১২ সালের ২২ মে ইস্যু করা হয়। কিন্তু এ বছরের ১৬ নভেম্বরের পূর্বে তিনি কেন এটা আদালতে দাখিল করেননি-সে সংক্রান্ত কোনো ব্যাখ্যা নেই।”
“এই সনদে কোনো আস্থা রাখা যায় না। এটা একটা জাল দলিল, যেটা আদালতকে বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হয়। এই সনদ পাকিস্তানে থাকা বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িতও করা হয়নি।”
সালাউদ্দিন কাদেরের আইনজীবীর শুনানিতে আপিলের রায়ের সারবত্তা নিয়ে প্রশ্ন না তোলার বিষয়টি তুলে ধরে বিচারকরা বলেন, তাই ধরে নেওয়া যায়, রায়ে আইনগত কোনো ভুল নেই। রায় পুনবির্বেচনার মতো কোনো শক্তিশালী যুক্তিও নেই।
“শক্তিশালী ও নির্ভরযোগ্য প্রমাণের মাধ্যমে প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে যে, সালাউদ্দিন কাদের নিজে উপস্থিত থেকে হত্যায় অংশ নিয়েছেন। এই সব অপরাধে তার সরাসরি অংশগ্রহণের পক্ষে দেওয়া প্রমাণগুলো তার পক্ষে দেওয়া মৌখিক সাক্ষ্য ও তার দেওয়া জালিয়াতির দলিলের উপর স্থান পাবে।”
মুসলিম লীগ থেকে জাতীয় পার্টি ও এনডিপি হয়ে বিএনপিতে আসা সালাউদ্দিন সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সময় একবার তার শিক্ষাগত যোগ্যতার স্থানে ‘নাই’ লিখেছিলেন।
তবে নবম সংসদের সদস্য হিসেবে সংসদের প্রকাশনায় তার জীবনবৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতার স্থানে লেখা আছে, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিএন (অনার্স)ডিগ্রি। পরে আইন বিষয়ে পড়াশোনা করলেও তা শেষ করেননি।
মুজাহিদের রিভিউ খারিজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় রিভিউ খারিজের রায়ও বৃহস্পতিবার প্রকাশ হয়েছে। তাদের দুজনের রায়ই বুধবার দেওয়া হয়েছিল।
রিভিউ শুনানিতে জামায়াত নেতার আইনজীবী একটি বিষয়েই যুক্তি তুলে ধরেন। তিনি বলেছিলেন, আল বদর বাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর কর্তৃত্বে ছিল বলে অপরাধের দায় এর নেতাদের উপর বর্তায় না।
মুজাহিদ জামায়াতের তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের ফরিদপুর জেলা শাখার সভাপতি থেকে একাত্তরেই প্রথমে পূর্ব পাকিস্তান শাখার সেক্রেটারি এবং পরে সভাপতি হন।
স্বাধীনতা যুদ্ধকালে ছাত্রসংঘ আল বদর বাহিনীতে রূপান্তরিত হলে এই বাহিনীর নেতা হন মুজাহিদ। এই বাহিনী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করে। এর জন্যই মৃত্যুদণ্ড হয়েছে মুজাহিদের।
রায়ে বলা হয়েছে, “আমরা এই সিদ্ধান্তে এসেছি যে, স্বাধীনতা যুদ্ধকালে ছাত্র সংঘ ও আল বদরের নেতা হিসাবে তাকে (মুজাহিদ) অবশ্যই তার বাহিনী ও তাদের দ্বারা সংগঠিত অপরাধের দায়িত্ব নিতে হবে।”
“উচ্চ আদালতে বহাল থাকা ট্রাইব্যুনালের সিদ্ধান্তে আমরা কোনো ভুল পাইনি। ...এই কারণে পুনর্বিবেচনার আবেদন খারিজ করা হল,” বলা হয়েছে রায়ে।
