অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কল্যাণে আইনের প্রস্তাব সংসদে
গৃহকর্মী, রিকশাচালক ও হকারসহ অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন খাতের শ্রমিকদের কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সংসদে আইন প্রণয়নের প্রস্তাবে উঠেছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য ইসরাফিল আলম বৃহস্পতিবার সংসদে এ বিষয়ে একটি বেসরকারি বিল তোলেন।
‘অসংগঠিত শ্রমিক কল্যাণ ও সামাজিক নিরাপত্তা (অপ্রাতিষ্ঠানিক খাত) বিল-২০১৪’ সংসদে ওঠার পর তা পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব ও বেসরকারি সদস্যদের বিল সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।
মন্ত্রী ছাড়া অন্য সংসদ সদস্যদের বেসরকারি সদস্য বলা হয়।
ওই বিল আনার কারণ সম্পর্কে ইসরাফিল বলেন, “বাংলাদেশের বিশাল কর্মক্ষম জনশক্তির একটি ক্ষুদ্র অংশই স্বীকৃত প্রাতিষ্ঠানিক খাতে কাজ করে, যারা আইন দ্বারা সুরক্ষিত এবং নানা সুবিধা পেয়ে থাকে।
“অন্যদিকে দেশের প্রায় ৮৭ ভাগ শ্রমজীবী মানুষ অপ্রাতিষ্ঠানিক খাতে অসংগঠিত অবস্থায় বিভিন্ন পেশায় নিয়োজিত এবং তারা প্রচলিত শ্রম আইনে প্রদত্ত অধিকার, সুযোগ-সুবিধা ও সুরক্ষা থেকে বঞ্চিত।”
অপ্রাতিষ্ঠানিক খাতের অসংগঠিত এই শ্রমিকদের কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট আইন থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন সাংসদ ইসরাফিল।
বিলে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের নিবন্ধন ও পরিচয়পত্র দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া শ্রমিক কল্যাণে বিভিন্ন 'স্কিম' চালুর প্রস্তাব করা হয়েছে।
বিলে শ্রমিক কল্যাণে সরকার, মালিক, শ্রমিক চাঁদা এবং অনুদান নিয়ে তহবিল গঠনের কথা বলা হয়েছে।
এতে বলা হয়, “কোনো মালিক নিবন্ধিত শ্রমিক ছাড়া অন্য কাউকে নিয়োগ করতে পারবে না এবং অপ্রাতিষ্ঠানিক খাতে ঘোষিত ন্যূনতম মজুরি দিতে বাধ্য থাকবে।”
শ্রমিক কল্যাণে ‘অসংগঠিত শ্রমিক কল্যাণ ও সামাজিক নিরাপত্তা বোর্ড’ প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে।
বোর্ডে শ্রমমন্ত্রীকে সভাপতি রাখার প্রস্তাব করা হয়েছে। এছাড়া সরকারি প্রতিনিধিদের বাইরে বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিদের রাখা হয়েছে।
