১১ লাখ প্রবাসীকে এমআরপি দেওয়া বাকি: পররাষ্ট্রমন্ত্রী
আরও ১১ লাখ ৩২ হাজার ৩৩৭টি যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) দেওয়া বাকি রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার দলীয় সদস্য ইসরাফিল আলমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ২০১০ সালে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব বাংলাদেশি নাগরিককে এমআরপি দেওয়ার জন্য প্রকল্প নিয়েছে, যার মেয়াদ এ বছরই শেষ হয়ে যাবে।
প্রায় ৩৫ লাখ প্রবাসী বাংলাদেশিকে এমআরপি দিতে একই সময়ে বাংলাদেশ দূতাবাসসমূহ ও মালয়েশিয়ান আউটসোর্সিং কোম্পানি আইআরআইএস’র মাধ্যমে বিদেশেও এমআরপি কার্যক্রম শুরু হয়।
মাহমুদ আলী বলেন, ৯ নভেম্বর পর্যন্ত দূতাবাসগুলো ২১ লাখ ১৫ হাজার ৯০১টি এমআরপি ইস্যু হয়েছে। আউটসোর্সিং কোম্পানি ইস্যু করেছে এক লাখ ৯৭ হাজার ২২২টি। এছাড়া মিশনগুলোর প্রায় ৫৪ হাজার ৫৪০টি পাসপোর্ট বহিরগমন ও পাসপোর্ট অধিদপ্তরে মুদ্রণের অপেক্ষায় রয়েছে।
“ফলে লক্ষ্যমাত্রা অর্জন করতে এখনো ১১ লাখ ৩২ হাজার ৩৩৭টি এমআরপি দিতে হবে।”
আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) নির্দেশমতে, চলতি বছরের ২৪ নভেম্বরের পর হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের আর কোনো সুযোগ থাকছে না। ২৪ নভেম্বরের পর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বাধ্যতামূলক করা হয়েছে।
এনামুল হকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে এবং থাকবে।
“১৯৭০ সালের প্রলয়ঙ্কলী ঘূর্ণিঝড়ের পরে বৈদেশিক সাহায্য হিসেবে পাওয়া ২০০ মিলিয়ন ডলারসহ ৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ সম্পদের ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।”
এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বিভিন্ন দেশে অপরাধের সঙ্গে জড়িত হয়ে ৩ হাজার ৩৮৬ জন বাংলাদেশী আটক ও বিচারাধীন রয়েছে।
