২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৌদ্ধ কৃষ্টি বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের বৌদ্ধ কৃষ্টি ও সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 08:27 PM

Updated : 12 Oct 2022, 04:29 PM

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বাংলাদেশের বৌদ্ধ ধর্মের ঐতিহ্যবাহী সব নির্দশন বৌদ্ধ পর্যটন সার্কিটে অন্তর্ভুক্ত করতে প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন।

“একই সঙ্গে প্রতিনিধি দলকে বিশ্বব্যাপী বাংলাদেশের বৌদ্ধ কৃষ্টি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।”

বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সাক্ষাতের সময় প্রতিনিধি দল আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি রাজধানীতে ‘শান্তি স্বর্ণ পদক’ প্রদান অনুষ্ঠান ও মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।

এছাড়া পণ্ডিত অতীশ দীপঙ্করের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার আহ্বান

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিকালে ইউজিসির একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তাদের ২০১৪ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করতে এলে আবদুল হামিদ এ আহ্বান জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউজিসি চেয়ারম্যান আবদুল মান্নান।

Image
রাষ্ট্রপতির সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, “প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে জানায়, তারা ইউজিসি আইন যুগপোযোগী এবং অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছেন, যাতে দেশের উচ্চ শিক্ষার গুনগত মান নিশ্চিত করা সম্ভব হবে বলে জানায় প্রতিনিধি দল।” 

এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং করা যাবে বলে রাষ্ট্রপতিকে প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি এ সময় উচ্চ শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর গুনগত মান আন্তর্জাতিক মানে উন্নীত করতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।”

ইউজিসি প্রতিনিধি দল জানায়, বাংলাদেশের হাওর ও চর এলাকার কৃষি এবং কৃষকের উন্নয়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘হাওর ও চর ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা হবে। এই প্রতিষ্ঠানের আওতায় বিভিন্ন এলাকায় ‘ফিল্ড স্টেশন’ থাকবে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।