২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে সাকার সঙ্গে পরিবারের সাক্ষাৎ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে ফাঁসির আসামি যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 12:46 PM

Updated : 12 Oct 2022, 04:29 PM

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের স্ত্রী, ছেলে, পুত্রবধূসহ পরিবারের ২২ জন বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার আগে আগে তিনটি গাড়িতে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান। কিন্তু ১৫ জনের সাক্ষাতের আবেদন করায় শেষ পর্যন্ত সাতজনকে বাইরেই অপেক্ষায় থাকতে হয়।

প্রায় ঘণ্টাখানেক ভেতরে অবস্থান করার পর বেলা দেড়টার দিকে বেরিয়ে এসে চলে যান তারা।

এই ১৫ জনের মধ্যে সাকার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে ফজলুল কাদের ফাইয়াজ ও হুম্মাম কাদের চৌধুরী, মেয়ে ফারজিন কাদের চৌধুরী, দুই বোন জোবায়দা কাদের চৌধুরী, হাসিনা কাদের চৌধুরী, ফাইয়াজের স্ত্রী দানিয়া খন্দকার, মেয়ের জামাই জাফর খান, এবং সাকার ভাই জামালউদ্দিন কাদের চৌধুরী ছিলেন। 

ভেতরে যাওয়ার আগে বা বাইরে এসে সাকার পরিবারের সদস্যরা কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

সালাউদ্দিন কাদের চৌধুরী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না জানতে চাইলে জামালউদ্দিন কাদের চৌধুরী কেবল তাচ্ছিল্যের সুরে বলেন, “মার্সি পিটিশন!”

বুধবার রিভিউ খারিজের মধ্য দিয়ে যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার আইনি লড়াইয়ের চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। এখন তারা কেবল কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।

আসামি তা না চাইলে বা রাষ্ট্রপতির ক্ষমা না পেলে সরকার দিনক্ষণ ঠিক করে কারা কর্তৃপক্ষকে ফাঁসি কার্যকরের নির্দেশ দেবে।