সোনার কলসের প্রলোভনে গিয়ে অপহৃত, র্যাবের অভিযানে উদ্ধার
গাজীপুরের জয়দেবপুরে অপহরণকারীদের কবল থেকে ঢাকার এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি সোনার কলসের প্রলোভনে পড়ে গাজীপুরে গিয়েছিলেন বলে র্যাব জানিয়েছে।
বুধবার জয়দেবপুরের তেলিনগর এলাকা থেকে মহিউদ্দিন আহম্মেদ (৬৫) নামে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয় বলে র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মাকসুদুল আলম জানিয়েছেন।
মোহন চন্দ্র সরকার (২৮), মো. মুকুল হোসেন (২৮) ও মো. মোস্তফা (২৮) নামে তিন অপহরণকারীকে গ্রেপ্তারের কথাও জানান তিনি।
র্যাব কর্মকর্তা মাকসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপহরণকারীরাগত ১১ নভেম্বর মহিউদ্দিনকে ফোনে জানায়, গাজীপুরে একটি সোনার কলসে গুপ্তধন আছে। তাদের প্রলোভনে পড়ে তিনি তার গুলশানের বাড়ি থেকে গাজীপুর পৌঁছালে তাকে অপহরণ করা হয়।”
অপহরণের পর মহিউদ্দিনের পরিবারের কাছে মুক্তিপণও দাবি করা হয়েছিল। তখন তার পরিবার র্যাবে অভিযোগ করলে এই বাহিনী অভিযানে নামে।
অপহরণকারীদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।
