মিরপুরে স্কুলশিশুকে নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে এক ইংলিশ মিডিয়াম স্কুলের আট বছর বয়সী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মো. এনামুল হক (২৩) পল্লবীর ফেইম ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক। বুধবার বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পল্লবী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রোকনুজ্জামান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই শিক্ষক গত এক মাস ধরে শিশুটিকে নিপীড়ন করছিলেন বলে আমাদের কাছে অভিযোগ আছে। ”
তবে ঝর্ণা আক্তার নামে স্কুলের একজন শিক্ষক বলছেন, তাদের প্রতিষ্ঠানের ‘ভাবমূর্তি নষ্ট করতে’ এ ঘটনা ঘটানো হয়েছে।
অবশ্য কারা কেন তা করছে- সে বিষয়ে কিছু বলেননি তিনি।
শিশুটির চাচা বলেন, “বেশ কিছুদিন ধরে আমার ভাতিজির অস্বাভাবিক আচরণ দেখছিলাম। এক পর্যায়ে সে আমাদের সব জানায়। আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করতে চেয়েছিলাম।
“কিন্তু মনে হল এটি সামাজিক সমস্যয় পরিণত হয়েছে। তাই আমরা পুলিশকে জানাই। পরে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।”
