২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবপাচার: ৬৯ হজ এজেন্সির লাইসেন্স বাতিল

সৌদি আরবে ওমরার নামে মানবপাচারের অভিযোগ উঠেছিল যে ১০৪টি হজ এজেন্সির বিরুদ্ধে তাদের মধ্যে ৯৫টিকে শাস্তি দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 05:35 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

ধর্মমন্ত্রী মতিউর রহমান সচিবালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, এর মধ্যে ৬৯টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। জামানত বাজেয়াপ্তসহ জরিমানাও করা হয়েছে এসব এজেন্সিকে। এছাড়া শুধু জরিমানা করা হয়েছে ২৬টি এজেন্সিকে। নয়টি এজেন্সির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি।

তিনি বলেন, “গত বছর বাংলাদেশ থেকে ওমরা করতে ১১ হাজার ৪৮৫ জন সৌদি আরব গিয়ে ফেরত আসেননি।

“বিষয়টি সৌদি আরবের ওমরা কর্তৃপক্ষ আমাদের অবহিত করে। তারা জানায়, ওমরার নামে কিছু এজেন্সি মানবপাচারে জড়িত। এরপর সৌদি কর্তৃপক্ষ ওমরার জন্য বাংলাদেশিদের ভিসা বন্ধ রাখে।”

ধর্মমন্ত্রী জানান, সৌদি কর্তৃপক্ষের অভিযোগের পর ১০৪টি হজ এজেন্সির বিরুদ্ধে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদন্ত করা হয়। ওই কমিটি গত ২১ অক্টোবর তদন্ত প্রতিবেদন দিয়েছে।

তিনি বলেন, “প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করে ৯৫টি হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

মানবপাচারে জড়িত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রয়োজনে জাতীয় হজ ও ওমরা নীতিমালা অনুযায়ী প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও এসময় জানান মন্ত্রী।