২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাশে আছে যুক্তরাষ্ট্র, মেননকে বার্নিকাট

বাংলাদেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অর্থনৈতিক উন্নয়নের গতি ধরে রাখতে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 01:24 AM

Updated : 22 Aug 2022, 01:58 PM

মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

যুক্তরাষ্ট্র দূতাবাসের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বার্নিকাটকে উদ্ধৃত করে বলা হয়, বিভিন্ন দেশ কীভাবে ধ্বংসাত্মক উগ্রপন্থার প্রতিবন্ধকতায় পড়ছে, তা নিয়ে আলোচনা হয়।

“স্থিতিশীলতা বজায় রেখে অর্থনৈতিক উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্র সব সময়ই বাংলাদেশের পাশে থাকবে।”

নাগরিকদের নিরাপত্তা দিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এক সঙ্গে কাজ করার আগ্রহী দেখিয়েছে বলে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্ত্রীকে উদ্ধৃত করে এতে বলা হয়, “সরকার সবসময় নাগরিকদের নিরাপত্তা, শান্তি ও স্বস্তি দিতে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরকার কাজ করতে আগ্রহী।”

রাষ্ট্রদূত বিমান পরিবহন নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেওয়ার কথা জানান এবং বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

বাংলাদেশ সফরের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা জারির বিষয়ে মেনন বলেন, “দেশের বিরোধী দলগুলো ২০১৪ এবং ২০১৫ সালে দেশব্যাপী নজিরবিহীন তাণ্ডব চালালেও যুক্তরাষ্ট্র সে সময় তার নাগরিকদের জন্য ট্রাভেল এলার্ট দেয়নি। 

“এলার্ট দেয়া হয়েছিল শুধু ৫ জানুয়ারির নির্বাচনের দিন। অথচ এখন দু’ একটি বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত রেড এলার্ট জারি করা হচ্ছে।”