২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধী নিজামীর আপিল শুনানি চলছে

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজমীর আপিল ওপর শুনানি চলছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 12:52 AM

Updated : 22 Aug 2022, 01:58 PM

মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ দ্বিতীয় দিনের শুনানি গ্রহণ করে বুধবার পর্যন্ত তা মুলতুবি করে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আসা এটি ষষ্ঠ মামলা, যার ওপর শুনানি চলছে।  

এই আপিল বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে নিজামীর আপিলের ওপর ৯ সেপ্টেম্বর শুনানি হয়।

মঙ্গলবার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি মুলতবির পর নিজামীর আপিলের ওপর শুনানি শুরু হয়। সোয়া ১২টা থেকে এক ঘণ্টা শুনানি চলে।  

এ দিন নিজামীর পক্ষে আইনজীবী এস এম শাজাহান পেপারবুক থেকে দুই নম্বর অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির।

এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল উপস্থিত ছিলেন।

শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেপারবুক থেকে মতিউর রহমান নিজামীর ক্ষেত্রে দ্বিতীয় অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষের দুইজন সাক্ষীর বক্তব্য উপস্থাপন করেছি।

বুদ্ধিজীবী গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও সংঘটনে সহযোগিতার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গত বছরের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

ওই রায়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, “আদালত সম্মত হয়েছে যে, তিনি যে মাত্রায় হত্যা, গণহত্যা ঘটিয়েছেন, তাতে সর্বোচ্চ সাজা না দিলে তা হবে ন্যায়বিচারের ব্যর্থতা।”

জামায়াতের আমির নিজামী একাত্তরে ছিলেন জামায়াতেরই ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের নাজিমে আলা বা সভাপতি এবং সেই সূত্রে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত আলবদর বাহিনীর প্রধান।

স্বাধীনতাকামী বাঙলির ওপর দমন-পীড়ন চালাতে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত রাজাকার বাহিনী ও শান্তি কমিটিতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মামলার রায়ে উঠে এসেছে।

ওই রায়ের বিরুদ্ধে গত ২৩ নভেম্বর সর্বোচ্চ আদালতে আপিল করেন নিজামী । ৬ হাজার ২৫২ পৃষ্ঠার নথিপত্রসহ নিজামীর করা আপিলে ১৬৮টি যুক্তি তুলে ধরে সাজার আদেশ বাতিল করে খালাস চাওয়া হয়। সর্বোচ্চ শাস্তি হওয়ায় রায়ের বিরুদ্ধে আপিল করেনি রাষ্ট্রপক্ষ।