‘আগুন সন্ত্রাসীরা’ বিচারের আওতায় আসছে: আইনমন্ত্রী
‘আগুন সন্ত্রাসের’ মাধ্যমে মানুষ হত্যাকারীদের বিচারের আওতায় আনা হচ্ছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবারের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “প্রতিটি অপরাধের বিচার নির্দিষ্ট আইন দ্বারা নির্ধারিত। এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিচারে সরকার বদ্ধপরিকর।
“আগুন সন্ত্রাসের মাধ্যমে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে।”
সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পির আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে ২০০৯ সাল থেকে সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত ৬৪টি জেলার লিগাল এইড অফিসের মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার ৭৬৮ জন নারী ও পুরুষকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
পটুয়াখালী -৩ (গলাচিপা ও দশমিনা) আসনের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, বিগত ৫ বছরে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা আছেন ৬৫৪ জন। এর মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ৫৫১ জন এবং জনসাধারণের মধ্য থেকে বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তি হিসেবে নিয়োগপ্রাপ্ত ১০৩ জন।
স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর আরেক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, সরকারি চাকরিতে ঢোকার বয়স বৃদ্ধির বিষয়ে আপাতত সরকারের কোনো পরিকল্পনা নেই।
“সরকার ইতোমধ্যে মুক্তিযোদ্ধা¸ শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছরে উন্নীত করেছে। তাছাড়া বিসিএস সাধারণ ও কারিগরি শিক্ষা এবং স্বাস্থ্য কাডার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের জন্য চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।”
