২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি বুধবার

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি হবে বুধবার।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 07:20 PM

Updated : 22 Aug 2022, 01:56 PM

মঙ্গলবার আপিল বিভাগে আলী আহসান মো. মুজাহিদের রিভিউয়ের সঙ্গে বিএনপির এই নেতার আবেদনের শুনানিও হওয়ার দিন ঠিক ছিল।

তবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের আবেদনের শুনানির পর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সময় চাইলে তা মঞ্জুর করে আদালত।

সাবেক দুই মন্ত্রী সালাউদ্দিন কাদের ও মুজাহিদ উভয়েরই প্রধান আইনজীবী হিসেবে কাজ করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার মাহবুব।  

মুজাহিদের আবেদনের রায়ের জন্য আদালত বুধবার দিন ঠিক করার সঙ্গে বলে দেয়, মঙ্গলবার সালাউদ্দিন কাদেরের আবেদনের শুনানি হচ্ছে না।

আদালত থেকে বেরিয়ে অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “তার (সালাউদ্দিন কাদের) আইনজীবী আগামীকাল শুনানি করবেন এই মর্মে বলায়, সেটা আগামীকালের জন্য নির্দিষ্ট করা আছে।”

খন্দকার মাহবুব বলেন, “আমরা সময় চেয়েছিলাম, আদালত নট টু ডে বলেছে।”

বিকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে তালিকার তিন নম্বর ক্রমিকে রয়েছে সালাউদ্দিন কাদেরের রিভিউ আবেদন।

বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবারও আপিল বিভাগের এই বেঞ্চের কার্যতালিকায় তিন নম্বর ক্রমিকে ছিল সালাউদ্দিন কাদেরের রিভিউ আবেদন।

তার আগের ক্রমিকে ছিল মুজাহিদের রিভিউ আবেদন। ওই আবেদনের শুনানি শেষে খন্দকার মাহবুব আর শুনানি করতে অপারগতা জানান।

তখন আদালত বলে, “ইউ আর সো ইয়ং, শুনানি করেন।..মিডিয়াতে আপনাকে সবলীল মনে হয়।”

খন্দকার মাহবুব বলেন, “আমি তো আপনাদের সামনে। একটি মামলা করার পর আরেকটির প্রস্তুতি দরকার।”

এরপর আদালত বলে, “নট টুডে।”

বিএনপি ও জামায়াতের শীর্ষস্থানীয় দুই নেতার রিভিউ শুনানি থাকায় সকাল থেকেই সুপ্রিম কোর্টের সবগুলো প্রবেশ পথে নিরাপত্তা বাড়ানো হয়। ঢোকার সময় সবার পরিচয়পত্র দেখা হয়, সন্দেহ হলে করা হয় তল্লাশি।

আদালতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যার্টনি জেনারেল একরামুল হক টুটুল উপস্থিত ছিলেন।

আসামিপক্ষে খন্দকার মাহবুবের সঙ্গে ছিলেন আইনজীবী এস এম শাজাহান ও ব্যারিস্টার তানভীর আহমেদ আল-আমিন।

Image
সালাউদ্দিন কাদের চৌধুরী, ফাইল ছবি

সালাউদ্দিন কাদের চৌধুরী, ফাইল ছবি

মৃত্যুদণ্ড বহালের রায়ের পর যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদেরের শেষ আইনি সুযোগ এই রিভিউ আবেদন। এ আবেদনে রায়ের কোনো পরিবর্তন না হলে তার সামনে কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ থাকবে।

এর আগে যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামানের রিভিউ আবেদন একদিনের মধ্যে শুনানি শেষে খারিজ হয়ে গিয়েছিল। তারা রাষ্ট্রপতির ক্ষমা চাননি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়, পরে তাদের ফাঁসিতে ঝোলানো হয়।

নিয়ম অনুযায়ী, রিভিউ নিষ্পত্তির আগে দণ্ড কার্যকর করা যাবে না। রিভিউ খারিজ হয়ে গেলে সেই রায়ের অনুলিপি কারাগারে যাবে এবং কারা কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসামিদের ফাঁসি কার্যকর করবে।

রিভিউ শুনানিতে পাঁচ পাকিস্তানিসহ আটজনের সাফাই সাক্ষ্য নেওয়ার আবেদন করেছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের। তার ওই আবেদন ২ নভেম্বর খারিজ হয়ে যায়।

মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের ত্রাস সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে ২০১৩ সালের ১ অক্টোবর রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে গত ২৯ জুলাই আপিল বিভাগও মৃত্যুদণ্ড বহাল রাখে। আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ৩০ সেপ্টেম্বর।

এরপর নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠায়। গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা সালাউদ্দিন কাদেরকে সেই মৃত্যু পরোয়ানা ১ অক্টোবর পড়ে শোনানো হয়।

সালাউদ্দিন কাদেরের রিভিউ আবেদন দায়েরের পর রাষ্ট্রপক্ষ শুনানির দিন নির্ধারণের জন্য গত ১৫ অক্টোবর আবেদন করে।

Image
সালাউদ্দিন কাদের চৌধুরী, ফাইল ছবি

সালাউদ্দিন কাদের চৌধুরী, ফাইল ছবি

এরপর সালাউদ্দিন কাদের রিভিউ শুনানিতে পাঁচ পাকিস্তানিসহ আটজনের সাক্ষ্য নেওয়ার জন্য ১৯ অক্টোবর সুপ্রিম কোর্টে আবেদন করেন, যাতে আদালতে এসে সাক্ষ্য দেওয়ার জন্য ওই আটজনের নামে সমন জারির আরজি জানানো হয়।

এরা হলেন- পাকিস্তানের স্থপতি মুনিব আরজুমান্দ খান, পাকিস্তানের ডন গ্রুপের চেয়ারম্যান আমবর হারুন সায়গল, পাকিস্তানের সাবেক মন্ত্রী ইসহাক খান খাকওয়ানি, ভিকারুন্নেসা নূনের নাতি রিয়াজ আহমেদ নূন এবং পাকিস্তানের প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মিয়া মোহাম্মদ সুমরো।

২০ অক্টোবর এসব আবেদন অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালতে ওঠে, আদালত রিভিউসহ এ আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়।

২ নভেম্বর শুনানি শেষে আপিল বিভাগ সালাউদ্দিন কাদেরের আবেদন খারিজ করে ১৭ নভেম্বর রিভিউ শুনানির দিন ঠিক করে দেয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রিভিউ আবেদন শুনানির জন্য তালিকায় উঠেছিল।

পুরনো খবর:

সাকার ফাঁসি আপিল বিভাগেও বহাল
সাকা, মুজাহিদের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় প্রকাশ
সাকার দম্ভের ‘শেষ’
ট্রাইবুন্যাল নিয়েও কটাক্ষ করেছিলেন সাকা