২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকের বিরুদ্ধে অবমাননার অভিযোগ, শুনানি ১১ ফেব্রুয়ারি

অর্থ পাচারের এক মামলার সাক্ষী ও তার স্ত্রীকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে আপিল বিভাগের দেওয়া আদেশ ‘প্রতিপালন না করায়’ এক বিচারকের বিরুদ্ধে আদালত অবমানার অভিযোগ করেছেন সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীমের স্ত্রী মাফরুজা সুলতানা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 07:09 PM

Updated : 22 Aug 2022, 01:56 PM

ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদারের বিরুদ্ধে করা এই অভিযোগ শোনার জন্য ১১ ফেব্রুয়ারি দিন ঠিক করে দিয়েছেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সোমবার এই আদেশের পর মাফরুজার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১১ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।”

দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১১ সালের ১৬ অগাস্ট হাফিজ ইব্রাহীম ও তার স্ত্রী মাফরুজা সুলতানার বিরুদ্ধে মুদ্রা পাচার প্রতিরাধ আইনে গুলশান থানায় এ মামলা করে।

তাদের বিরুদ্ধে ২০১২ সালের ১২ জুন দুদক অভিযোগপত্র দিলে আদালত তা আমলে নেয়। মাফরুজা বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করলে বিচারিক আদালতে তা খারিজ হয়ে যায়। 

এরপর মাফরুজা হাই কোর্টে ‘রিভিশন’ আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল দেয়।

চূড়ান্ত শুনানির পর ২০১৩ সালের ২ জুন হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেয়। পরে প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক বেঞ্চে পাঠান।

গত বছরের ২০ ফেব্রুয়ারি এই বেঞ্চ পর্যবেক্ষণ দিয়ে আবেদনটি খারিজ করে দেয়।

পর্যবেক্ষণে বলা হয়, জুলফিকার আলী ও তার স্ত্রী রহিমা আলীর যৌথ অ্যাকাউন্ট থেকে হাফিজ দম্পতির সিঙ্গাপুরের অ্যাকাউন্টে ‘অবৈধ উদ্দেশ্যে’ অর্থ হস্তান্তর হয়েছে বলে মামলার এজাহার ও অভিযোপত্রে তথ্য পাওয়া যায়। তবে জুলফিকার বা তার স্ত্রীকে মামলায় আসামি করা হয়নি। অভিযোগপত্রে সাক্ষী হিসেবে জুলফিকার আলীর নাম রয়েছে।

“এই মামলায় কেন জুলফিকার দম্পতিকে অভিযুক্ত করা হয়নি সেটি অবাক হওয়ার মত বিষয়,” বলা হয় পর্যবেক্ষণে। 

মামলার নথি ও অভিযোগ পর্যালোচনা করে জুলফিকার দম্পতির বিরুদ্ধেও মুদ্রা পাচার আইন অনুযায়ী ব্যবস্থা নিতে দুদককে নির্দেশ দেওয়া হয় হাই কোর্টের রায়ে।

এরপর আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন মাফরুজা, যার ওপর শুনানি নিয়ে ১২ এপ্রিল আপিল বিভাগ তা নিষ্পত্তি করে দেয়।

সাক্ষী জুলফিকার আলী ও তার স্ত্রী রহিমা আলীকে আসামির তালিকায় অন্তর্ভুক্ত করে অভিযোগ আমলে নিতে বিশেষ জজ আদালতকে নির্দেশ দেওয়া হয় আপিল বিভাগের ওই আদেশে।

এরপর সাত মাসেও আপিল বিভাগের ওই আদেশ প্রতিপালন না করায় আদালত অবমাননার এই অভিযোগ করা হয়েছে বলে মাহবুব উদ্দিন খোকন জানান।