গ্রামীণফোনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা ৫ কর্মীর
শ্রম আদালতে নালিশি মামলার পর অর্থ আত্মসাতের অভিযোগ এনে গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির পাঁচ কর্মী।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রোববার দায়ের করা এ মামলায় কর্মচারীদের কল্যাণ তহবিলের সাতশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে মামলাকারী কর্মীরা হচ্ছেন মো. মেহেদী হাসান, মাসুদ হাসান, মো. সোহাগ, মো. আফজাল হোসাইন ও নিজামুদ্দিন পাটোয়ারি।
বাদী মেহেদী হাসান গ্রামীণফোন লিমিটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য বলে এজাহারে দেওয়া পরিচয়ে উল্লেখ করেনছেন। তাদের পক্ষে আইনজীবী হলেন মাহমুদুল হাসান।
হাকিম ইউসুফ হোসেন আরজি গ্রহণ করে রাজধানীর ভাটারা থানার ওসিকে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন- গ্রামীণফোন লিমিটেড, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি, প্রতিষ্ঠানের কল্যাণ তহবিলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মো. শহীদ, সদস্য মো. মাইনুর রহমান ভুঁইয়া, মো. মঈনুল কাদের ও আহমদ মনজুরুদ্দোহা।
গ্রামীণফোনে ২০১০ সালে ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড বা কল্যাণ তহবিল গঠন করা হয়।
শ্রম আইন অনুযায়ী, ১০০ জনের বেশি কর্মী সংখ্যার কোনো কোম্পানির হিসাব বছরের শেষ দিনে পরিশোধিত মূলধন ১ কোটি টাকা এবং স্থায়ী সম্পদ দুই কোটি টাকা হলে শ্রমিক অংশগ্রহণ তহবিল কিংবা শ্রমিক কল্যাণ তহবিলে বার্ষিক লভ্যাংশের ৫ শতাংশ জমা দিতে হয়।
আইনে বলা আছে, প্রত্যেক বছর অংশগ্রহণ তহবিলে জমাকৃত মোট অর্থের দুই-তৃতীয়াংশ সমান অনুপাতে সকল সুবিধাভোগীদের মধ্যে নগদে বণ্টন করা হবে এবং এক-তৃতীয়াংশ ধারা (শ্রম আইনের) ২৪০ (১১) এর বিধান মোতাবেক বিনিয়োগ করা হবে, যার মুনাফা সুবিধাভোগীদের মধ্যে সমান অনুপাতে বণ্টন হবে।
মামলায় অভিযোগ করা হয়েছে, গ্রামীণফোন ওয়ার্কার্স প্রফিট ফান্ড অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডের ১৩শ কর্মচারীর প্রায় ৭০০ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাত করেছেন বিবাদীরা।
পাওনা টাকা চাইতে গেলে তাদেরকে বিভিন্ন ভাবে অপমান করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এর আগে গত ২১ অক্টোবর শ্রম আইন অনুযায়ী কোম্পানির মুনাফার লভ্যাংশ না পেয়ে একই অভিযোগ তুলে গ্রামীণফোনের বিরুদ্ধে নালিশি মামলা করেন প্রতিষ্ঠানটির অফিস সহকারী মো. কামরুল হাসান।।
ওই মামলাতেও একই কর্মকর্তাদের কাছ থেকে জবাব এবং প্রয়োজনীয় কাগজ বা দলিল আদালতে দাখিল করতে বলেন ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান তাবাসসুম ইসলাম।
