২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিপির রেদোয়ান আহমেদের দুর্নীতি মামলা চলবে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলার বৈধতা নিয়ে এলডিপি নেতা রেদোয়ান আহমেদের রিট খারিজ করে হাই কোর্টের দেওয়া রায় আপিল বিভাগেও বহাল রয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 04:45 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রেদোয়ান আহমেদর করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) রোববার খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেয়।

এর ফলে নিম্ন আদালতে মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

আদালতে রেদোয়ান আহমেদের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট প্রথম রুল ও মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দেয়। পরে চূড়ান্ত শুনানি শেষে তা খারিজ করে রায় দেয়।

“এর বিরুদ্ধে রেদোয়ান আহমেদ লিভ টু আপিল করেন, যা খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে এখন তার বিরুদ্ধে মামলা চলতে আইনগত বাধা নেই।”

২০০৭ সালের ১৫ ফেব্রুয়ারি রমনা থানায় রেদোয়ান আহমেদসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। অপর দুই আসামি হলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তৎকালীন চেয়ারম্যান কবির আহমেদ ও মহাসচিব শাহ আলম চৌধুরী।

সংগঠনের অনুমোদন ছাড়া মুক্তিযোদ্ধা সংসদের তহবিল থেকে ৫০ লাখ টাকা তুলে সংগঠনের কল্যাণে ব্যয় না করার অভিযোগ আনা হয়েছে এ মামলায়। 

দুদক এ মামলায় অভিযোগপত্র দিলে ওই বছরের ১৭ অক্টোবর আদালত তা আমলে নেয়। এরপর মামলার বৈধতা নিয়ে রেদোয়ান আহমেদ হাই কোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি স্থগিতাদেশ দেয়।

রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ২৫ অক্টোবর হাই কোর্ট তা খারিজ করে দেয়। এর বিরুদ্ধে রেদোয়ান আহমেদ লিভ টু আপিল করেন, যার ওপর শুনানি শেষে রোববার তা খারিজ হয়।