সমকালের সঙ্গে ষাটের দশকও উঠে এলো গ্যালারি কায়ায়
খ্যাতনামা নয়জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে প্রদর্শনী, যেখানে সমকালীন চিত্রের সঙ্গে স্থান পেয়েছে কয়েক দশক আগের শিল্পকর্মও।
‘ড্রয়িং’ শিরোনামের এই প্রদর্শনী সাজানো হয়েছে ৪৯টি চিত্রকর্মে, যেখানে শিল্পী মুর্তজা বশীরের ষাটের দশকের একটি ছবিও রয়েছে।
মুর্তজা বশীরের পাশাপাশি চন্দ্র শেখর দে, রতন মজুমদার, জামাল আহমেদ, কাজী রাকিব, রঞ্জিত দাশ, শিশির ভট্টাচার্য, গৌতম চক্রবর্তী ও মোহাম্মদ ইকবালের চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে।
আগামী ২৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন চিত্রকলা প্রেমীরা।
মনোমুগ্ধকর এই প্রদর্শনী শুরু হয়েছে শুক্রবার সন্ধ্যায়। গ্যালারি কায়ার সামনের শিউলি গাছের নীচ থেকে যখন ধীরে ধীরে বিদায় নিচ্ছিল দিনের আলো, সেই সময় একে একে গ্যালারির সীমানায় প্রবেশ করেন বিভিন্ন বয়সী শিল্পী ও শিল্প অনুরাগীরা।
শিল্পী রঞ্জিত দাশ, মোহাম্মদ ইকবাল ও গৌতম চক্রবর্তীকে এ সময় দেখা যায়।
এর মাঝেই বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রবেশ করেন গ্যালারিতে। গ্যালারির এ ঘর ও ঘর ঘুরে দেখেন বেশ মনোযোগের সঙ্গে। এরপর আড্ডায় বসে যান শিল্পীদের সঙ্গে।
সেখানে আলাপচারিতায় জানা গেল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নিজেও ছবি আঁকেন। বহু যত্নে এই শখটি ধরে রেখেছেন তিনি।
সন্ধ্যা ৭টার দিকে আনুষ্ঠানিক উদ্বোধনের সময় রাজনীতির সঙ্গে শিল্পের সম্পর্ক নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।
নসরুল বলেন, “ছবি ও রাজনীতিবিদের সম্পর্ক অনেকেই বেমানান মনে করেন। আমি মনে করি, দুটির মধ্যে একটি সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, “অনেকে মনে করেন, রাজনীতিবিদরা বেশি কথা বলেন। আমরা আসলে দেখতেও চাই, এ কারণেই এখানে আসলাম।”
সরকারের এই প্রতিমন্ত্রী বলেন, আগে সরকারি অফিসগুলোতে ছবি রাখাকে উৎসাহিত করা হত। এখনকার সময়ে এটা কমে গেছে।
“এটা আবার শুরু করা উচিত। আমাদের দেশের শিল্পীদের শিল্পকর্মকে ধরে রাখতে আমাদের একটা বড় ভূমিকা থাকতে হবে। সেই বিষয়ে আমরা কথা বলতে পারি।”
অনুষ্ঠানে গল্পে গল্পে দেশের প্রথম চিত্রশালা করার কাহিনী শোনান জাতীয় জাদুঘরের প্রথম মহাপরিচালক অধ্যাপক এনামুল হক; সহকারী কিউরেটর হিসাবে জাদুঘরে যোগ দিয়ে যিনি ধীরে ধীরে মহাপরিচালক পদ পর্যন্ত এসেছিলেন।
পঞ্চাশ ও ষাটের দশকের স্মৃতিচারণ করে তিনি বলেন, “দেশে কোনো চিত্রশালা নেই, এটা প্রায়ই আমাকে ভাবাত। এই চিন্তা থেকে ৩০ জন শিল্পীর কাছে আমি ছবি চাইলাম। বললাম, ছবি দেন, আমাদের সুদিন আসলে টাকা দিব। ১৯৬২ সালে ২৯ জন দিলেন। তাদের ছবি নিয়ে গ্যালারি করলাম। গ্যালারি জনপ্রিয় হয়ে উঠার পর অন্যজনও দিলেন।
“২০ বছর পর ১৯৮২ সালে এই শিল্পীদের ১০ হাজার টাকা করে দিয়েছিলাম। তাদের থেকে নতুন আরও দুইটা করে ছবি ক্রয় করেছিলাম। এভাবেই জাতীয় জাদুঘরের আর্ট গ্যালারি হয়।”
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পর্বের পর সবাইকে অনেকটা চমকে দিয়ে শিল্পী গৌতম চক্রবর্তী ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদকে। কাটা হয় কেকও। এরপর ঘণ্টা বাজিয়ে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা।
“আমাদের সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি থেকে বের হয়ে আসতে হলে শিল্পের সৌন্দর্যের দিকে ফিরে আসতে হবে। সুন্দর কিছু দেখে বা অনুভব করে শিল্পীর মধ্যে যে অনুভূতির সৃষ্টি হয়, তারই প্রকাশ এই শিল্প। অবক্ষয় প্রতিরোধে আমরা এই বোধ ছড়িয়ে দিতে চাই।”
সন্ধ্যার এই আড্ডা আর আনুষ্ঠানিকতায় যোগ দেন উত্তরার একটি স্কুলের শিক্ষক অশোক বিশ্বাস।
আঁকার অভ্যাস আর শিল্পের প্রতি ভালোলাগা থেকে এ ধরনের প্রদর্শনী হলে সেখানে হাজির হন বলে জানান তিনি।
প্রদর্শনীর সমন্বয়ক রাজেন গায়েন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রদর্শনীতে স্থান পাওয়া মুর্তজা বশীরের ষাটের দশকের ছবিটি ১৯৬০ সালে আঁকা হলেও ২০১২ সালেও শিল্পী এতে তুলির আঁচড় দিয়েছেন।
এই প্রদর্শনীর মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। প্রদর্শনীর স্পন্সর হিসাবে রয়েছে তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এডিএন টেলিকম।
