হুমায়ূন স্মরণে একক বইমেলা
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে তার রচিত বইগুলো নিয়ে একক মেলা শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে নয় দিনের একক বইমেলা উদ্বোধন করেন প্রয়াত লেখকের অনূজ ড. মুহম্মদ জাফর ইকবাল।
হুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশকবৃন্দ ব্যানারে ১৫টি প্রকাশনা সংস্থার আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি ছিলেন।
প্রয়াত এই লেখকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “হুমায়ূন আহমেদ আমাদের স্মৃতিতে চিরদিন থাকবেন। কারণ একমাত্র তিনিই এদেশে ব্যাপকভাবে পাঠক তৈরি করেছেন।”
হুমায়ূন আহমেদকে দেশের বাইরের পাঠকদের কাছে পরিচিত করতে অনুবাদক ও প্রকাশকদের প্রতি আহ্বান জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল।
তিনি বলেন, “তার বইয়ের অতো অনুবাদ নাই। তার জন্য এখন কিছু করতে হলে বইগুলোর সুন্দর অনুবাদ করা জরুরি। দেশীয় প্রকাশকদের পাশাপাশি বিদেশি প্রকাশকদের এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে। প্রয়োজনে আমিও যোগাযোগ করতে পারি।”
‘হুমায়ূনের মৃত্যুতে শূন্যতা তৈরি হয়েছে’ হয়েছে উল্লেখ করে অধ্যাপক জাফর বলেন, “পাঠকরা বইয়ের দোকানে গিয়ে হতাশ হচ্ছেন।
“আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। লেখকদেরকে ব্লগার নাম দিয়ে হত্যা করা হচ্ছে। লেখক-প্রকাশকরা একরকম ‘রিস্কের’ মধ্যে আছি।”
তবে এই পরিস্থিতি থেকে উত্তরণে গভীর আশাবাদ দেখিয়ে তিনি বলেন, “অতীতে আমরা অনেক বড় ঘটনা উত্তরণ করেছি, এই ক্ষেত্রেও করতে পারব।”
হুমায়ূন আহমেদের জীবদ্দশায় প্রকাশকদের উদ্যোগে ২০০৮ সালে এই বইমেলা শুরু হয়।
হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, “হুমায়ূন আহমেদের স্মৃতিরক্ষায় কিছু করা রাষ্ট্রীয়ভাবে কতটা প্রয়োজন জানি না, পাঠকদের জন্য অত্যন্ত প্রয়োজন।”
অনুষ্ঠানে সালেহ চৌধুরীর সম্পাদনায় হুমায়ূন আহমেদের শিশু-কিশোর রচনাবলীর দ্বিতীয খণ্ড ও ‘তোমাদের জন্য রূপকথা’ বইয়ের রঙিন সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়।
আলোচনা পর্ব শেষে প্রয়াত এই লেখকের ৬৭তম জন্মদিন উপলক্ষে ৬৭টি বেলুন উড়ান অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও অবসর প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী আলমগীর রহমান বক্তব্য রাখেন।
অন্যপ্রকাশ, অনন্যা, অবসর প্রকাশনা সংস্থা, আফসার ব্রাদার্স, কাকলী প্রকাশনী, প্রতীক প্রকাশনা সংস্থা, জ্ঞানকোষ প্রকাশনী, বাংলাপ্রকাশ, সুবর্ণ, শিখা প্রকাশনী, সময় প্রকাশন, পার্ল পাবলিকেশন্স, অনুপম, মাওলা ব্রাদার্স ও সাগর পাবলিশার্স এই বইমেলায় অংশ নিচ্ছে।
অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার অষ্টমবারের মতো হুমায়ূন আহমেদের একক বইমেলা আয়োজন করা হয়েছে। একটি প্রাঙ্গণে তার সবগুলো বই পাওয়ার একমাত্র সুযোগ এই মেলা।”
মেলা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
