২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারীতে গ্যাসের আগুনে দগ্ধ ৩

রাজধানীর ওয়ারী এলাকার একটি বাসায় গ্যাস লাইনের ছিদ্র থেকে আগুন ধরে এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন; বিস্ফোরণে দেওয়াল ধসে আহত হয়েছেন আরও চারজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 12:11 PM

Updated : 22 Aug 2022, 01:54 PM

বৃহস্পতিবার রাত ১২টার দিকে রথখোলা মোড় এলাকার পাঁচ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল ইসলাম জানান।

রাত ১টার দিকে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটিতে ভর্তি করা হয়।

এরা হলেন- বাড়ির মালিক হোসনে আরা (৪৮), তার স্বামী আলমগীর হোসেন (৬০) এবং তাদের সন্তান সামলীলা আলম (১৯)।

হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনজনের শরীরের ৬০ শতাংশের বেশি পুড়ে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন।”

ফায়ার সার্ভিসের আতিকুল ইসলাম জানান, রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নেভায় এবং ওই বাসার দগ্ধ তিনজনকে হাসপাতালে নিয়ে যায়।

ওয়ারী থানার ওসি জেহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে দ্বিতীয় তলায় আগুন লাগার পর ‘বিস্ফোরণের মত হয়’ এবং দেওয়ালের একটি অংশ পাশের টিনশেডে ঘরের ওপর পড়লে ওই বাসার চারজন আহত হন। তারা সবাই পরে প্রাথমিক চিকিৎসা নেন।

“দ্বিতীয় তলায় গ্যাস লাইনের ছিদ্র থেকে গ্যাস বের হচ্ছিল। রাতে সম্ভবত কেউ আগুন জ্বালাতেই জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে বলে মনে হচ্ছে।”