সৈয়দপুরে ইমামবাড়ার খাদেমকে কুপিয়ে আহত
নীলফামারীর সৈয়দপুরে শিয়াদের একটি ইমামবাড়ার এক খাদেমকে কুপিয়ে আহত করা হয়েছে।
আহত হাসনাঈনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৈয়দপুরের হাতিখানা কবরস্থানের পাশের ইমামবাড়ার খাদেম তিনি।
বৃহস্পতিবার এশার নামাজের সময় এক ব্যক্তি তাকে কুপিয়ে পালিয়ে যায় বলে স্থানীয়দের বরাত দিয়ে সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খাদেম নামাজ পড়া অবস্থায় একজন মুখোশধারী তাকে কুপিয়ে পালিয়ে যায়।”
স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর একশ শয্যা হাসপাতালে নেয়। পরে সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ওসি বলেন, কী কারণে খাদেমের ওপর হামলা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
গত ২৪ অক্টোবর ভোররাতে পুরান ঢাকার হোসাইনী দালানের ইমামবাড়ায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলায় দুজন নিহত এবং শতাধিক মানুষ আহত হন।
