নিজাম হাজারীকে নিয়ে রুল শুনানিতে বিব্রত বিচারপতি
ফেনী-২ আসনের সংসদ সদস্য হিসেবে নিজাম উদ্দিন হাজারী কোন কর্তৃত্ব বলে পদে আছেন, তা জানতে চেয়ে হাই কোর্টের দেওয়া রুল শুনানিতে বিব্রত বোধ করেছেন হাই কোর্টের এক বিচারপতি।
বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চে বৃহস্পতিবার এ সংক্রান্ত রুল শুনানির জন্য ২৩ নম্বর ক্রমিকে ছিল।
মধ্যাহ্ন বিরতির পর শুনানির শুরুতে বিচারপতি এ কে এম সাহিদুল হক বিব্রবত বোধ করেন বলে রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়ম অনুসারে এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি নতুন বেঞ্চ নির্ধারণ করে দিলে শুনানি হবে।
আদালতে এ সময় নিজামী হাজারীর পক্ষে আইনজীবী নুরুল ইসলাম সুজন এমপি ছিলেন।
‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে গতবছর ১০ মে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়৷ প্রতিবেদন যুক্ত করে নিজাম উদ্দিন হাজারীর সাংসদ পদে থাকার বৈধতা নিয়ে ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া রিট আবেদনটি করে।
প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ৮ জুন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাই কোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেয়।
ওই আসনে সংসদ সদস্য হিসেবে নিজাম উদ্দিন হাজারী কোন কর্তৃত্ব বলে পদে আছেন এবং ওই আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়৷
স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, আইন সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব ও নিজাম উদ্দিন হাজারীসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়৷
এছাড়া আদালত নিজাম উদ্দিন হাজারীর কারাবাসের সময়কালের প্রতিবেদন ও এ-সংক্রান্ত নথিপত্র ৩০ দিনের মধ্যে দাখিল করতে কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) এবং চট্টগ্রামের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়কের প্রতি নির্দেশ দেয়।
সে সময় রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ বলেছিলেন, “হাই কোর্টের রায়ের বিরুদ্ধে নিজাম উদ্দিন হাজারীর করা আপিল ২০০২ সালের ২৭ এপ্রিল আপিল বিভাগে খারিজ হয়। পরে ২০০৪ সালের ২৬ জুন রিভিউ আবেদনও খারিজ হয়৷ এরপরও নিজাম হাজারী ২০০৫ সালের ১ ডিসেম্বর কারাগার থেকে বের হয়। এ হিসেবে ২০১৪ সালে তিনি সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নিতে পারে না৷”
রিট আবেদনকারীর যুক্তি, সংবিধানের ৬৬ অনুচ্ছেদে সংসদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যোগ্যতা এবং অযোগ্যতা বিষয়ে উল্লেখ রয়েছে৷ ৬৬ (২) ঘ অনুসারে, কোন ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ-সদস্য থাকিবার যোগ্য হইবেন না, তিনি যদি নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অনূ্ন্য দুই বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাহার মুক্তিলাভের পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হইয়া থাকে।
“সে হিসেবে নিজাম উদ্দিন হাজারী ২০১৫ সালের আগে সংসদ সদস্য হতে পারেন না।”
আর প্রত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, দুই বছর ১০ মাস কম সাজা খেটেই কারাগার থেকে বেরিয়ে গিয়েছিলেন ফেনী-২ আসনের আওয়ামী লীগের সাংসদ নিজাম উদ্দিন হাজারী৷ অস্ত্র আইনের একটি মামলায় তার ১০ বছরের সাজা হয়েছিল৷ ২০০০ সালের ১৬ অগাস্ট অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় ১০ বছর এবং ১৯ (চ) ধারায় সাত বছরের কারাদণ্ড হয় নিজাম হাজারীর৷
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় হওয়া মামলায় চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল তাকে এই সাজা দিয়েছিলেন৷ উভয় দণ্ড একসঙ্গে চলবে বলে রায়ে বলা হয়৷ রায়ের বিরুদ্ধে আপিল করলে হাই কোর্ট ২০০১ সালের ২ মে ট্রাইব্যুনালের দেওয়া সাজা বহাল রাখে।
