চেক প্রতারণা: ইউনাইটেডের চেয়ারম্যানের বিরুদ্ধে পরোয়ানা
চেক প্রতারণার এক মামলায় ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসবিরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।
বেসরকারি এই বিমান পরিচালনা সংস্থার প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক মুহম্মদ ফেরদৌস ইসলামের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন এই পরোয়ানা জারির আদেশ দেন।
গত ৮ অক্টোবর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ২ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৩০৪ টাকার এই চেক প্রতারণা মামলা করে।
নিগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ এবং ১৪০ ধারায় বেবিচকের পক্ষে মামলাটি করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হিসাব শাখার সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।
বাদীর আইনজীবী জয়ন্ত কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতে বৃহস্পতিবার হাজির হওয়ার জন্য সমন হাতে পেয়েও তারা আদালতের আদেশ অমান্য করে হাজির না হওয়ায় বিচারক তাদের গ্রেপ্তারের জন্য এ পারোয়ানা পাঠান।
মামলার আরজি থেকে জানা যায়, বিমান উড্ডয়ন-অবতরণ ও আনুষঙ্গিক বিষয়ে ভাড়া বাবদ শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ ইউনাইটেড এয়ারওয়েজের কাছে মোট ৯০ কোটি ৮১ হাজার ১০৭ টাকা পাওনা। আসামিরা আংশিক টাকা পরিশোধের জন্য গত ১৫ জুলাই ও ১৬ আগস্ট ২ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৩০৪ টাকার দুটি চেক দেন। চেক দুটি ছিল ইসলামী ব্যাংক উত্তরা শাখার।
চেক দুটি ভাঙাতে সোনালী ব্যাংকের কুর্মিটোলা শাখায় জমা দেওয়া হলেও আসামিদের হিসাবে টাকা না থাকায় তা প্রত্যাখ্যাত হয়।
বিষয়টি বাদী আসামিদের জানানোর পরও তারা টাকা পরিশোধের উদ্যোগ না নেওয়ায় গত ৩০ অগাস্ট আইনি নোটিস পাঠানো হয়।
