বাহিনীর উপর হামলা ভালো লক্ষণ নয়: মতিন খসরু
পুলিশ ও সেনা সদস্যের উপর হামলার ঘটনাকে ‘ভালো লক্ষণ’ নয় মন্তব্য করে এতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু।
বুধবার সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য বলেন, “যারা জীবনবাজি রেখে মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন, তাদের উপর হামলা মানে স্বাধীনতা-সার্বভৌমত্বের উপর হামলা। এটা ভালো লক্ষণ নয়।”
মঙ্গলবার সেনানিবাসের কচুক্ষেত এলাকায় মিলিটারি পুলিশের উপর হামলা হয়। এর আগে ঢাকার গাবতলী এবং আশুলিয়ায় তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে হত্যা করা হয়।
মতিন খসরু বলেন, “এই আঘাত কেন আসল? সরকারকে তা খুঁজে বের করতে হবে। এর মূল উৎপাটন করতে হবে।”
পুলিশ ও সেনা সদস্যের উপর হামলায় জড়িতরা আন্তর্জাতিক ও জাতীয় জঙ্গিবাদী গোষ্ঠীর সঙ্গে জড়িত দাবি করে তিনি বলেন, এই স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী শক্তিকে চিরতরে ধ্বংস করতে হবে।
সংসদ সুরক্ষিত করার দাবি
পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ সংসদ ভবন চত্বরের ‘পার্লামেন্ট মেম্বারস’ ক্লাব সংলগ্ন এলাকা অরক্ষিত বলে দাবি করেন।
নিরাপত্তা বাড়াতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
ফিরোজ রশীদ বলেন, “মেম্বারস’ ক্লাব এলাকায় যখন যেভাবে পারে ঢুকছে। কারা এই এলাকায় থাকে তার কোনো লিস্ট নেই। অন্ধকারে ভুতুড়ে হয়ে থাকে, কোনো লাইট নাই। এই এলাকা অরক্ষিত, এটা সুরক্ষিত করতে হবে।”
এসময় সংসদের এলডি হল ভাড়া দেওয়া বন্ধ করারও দাবি জানান তিনি।
“বিয়ের অনুষ্ঠানের জন্য এটা ভাড়া দেওয়া হয়। অনেকে উপহার নিয়ে আসে। উপহারের ভেতর যদি পাঁচ পাউন্ডের বোমা নিয়ে আসে, তাহলে কী হবে। এগুলো বন্ধ করেন।”
