২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছর থেকে নৌবাহিনীতেও নারী নাবিক

আগামী বছর থেকে বাংলাদেশ নৌবাহিনীতেও নাবিক হিসেবে যোগ দিতে পারবেন নারীরা।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 10:28 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

বুধবার সংসদে সরকারদলীয় সদস্য কাজী রোজীর এক প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এই তথ্য জানান।

নৌবাহিনীতে বর্তমানে নারী সদস্য ২৩৯ জন, তবে নাবিক বা সৈনিক নেই একজনও। এই বাহিনীতে পুরুষ ও নারীর অনুপাত হচ্ছে ৯৮ দশমিক ১৬ : ১ দশমিক ৮৪।

সশস্ত্র বাহিনীতে বর্তমানে সাড়ে তিন হাজার নারী সদস্য কর্মরত বলে জানান মন্ত্রী আশরাফ।

সেনাবাহিনীতে কর্মরত নারী সদস্যের সংখ্যা ২ হাজার ৯৮৩ জন। এই বাহিনীতে পুরুষ ও নারীর অনুপাত হচ্ছে ৯০ দশমিক ৯৮ : ৯ দশমিক শূন্য দুই।

বিমানবাহিনীতে কর্মরত নারী সদস্য হচ্ছেন ২৮৩ জন। এই বাহিনীতে পুরুষ ও নারীর অনুপাত হচ্ছে ৯৭ দশমিক ৪৩ : ২ দশমিক ৫৭।

সশস্ত্র বাহিনীতে নারী ও পুরুষের অনুপাতের সমতা আনতে সরকার বাহিনীতে নারী সদস্য অন্তর্ভুক্তির পদক্ষেপ নিচ্ছে বলে মন্ত্রী জানান।

বছরে হারাচ্ছে শূন্য দশমিক ২৬% কৃষি জমি

কাজী রোজীর আরেক প্রশ্নের জবাবে  কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান, আবসনের কারণে প্রতি বছর শূন্য দশমিক ২৬ শতাংশ কৃষি জমি হ্রাস পাচ্ছে।

কৃষিমন্ত্রী  জানান, বর্তমানে সারাদেশে আবাদযোগ্য জমির পরিমাণ ৮৫ লাখ ৫ হাজার ২৭৮ দশমিক ১৪ হেক্টর।

দেশের হাওর অঞ্চলে চাষযোগ্য জমির পরিমাণ ১ লাখ ৬০ হাজার ৪১৯ হেক্টর।

এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী শামসুল রহমান শরীফ বলেন, বর্তমান সরকারের চলতি ও গত মেয়দ মিলে ১ লাখ ৯৪ হাজার ৩০২টি ভূমিহীন পরিবারের মধ্যে ৯৩ হাজার ৭৩৬ দশমিক ৫১ একর খাসজমি বন্দোবস্ত দিয়েছে।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পদ্মা সেতু বাস্তবায়নের জন্য ৩ হাজার ৬১ দশমিক ১২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এজন্য ১৮ হাজার ৬৩৪ জন জমির মালিকদের ৯’শ কোটি ১ লাখ ৯১ হাজার ৮৯৫ টাকা দেওয়া হয়েছে।