‘মাই স্টাডি’ শেখাবে গণিত-ইংরেজি
নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ও গণিত বিষয়ে পড়াশোনায় সহায়তার জন্য শিক্ষা বিষয়ক মোবাইল অ্যাপ ‘মাই স্টাডি’ চালু করেছে গ্রামীণফোন।
বুধবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক হাই স্কুলে অ্যাপটি উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ।
সারাদেশে এরকম আরও ৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই অ্যাপটি চালু করা হবে। আগামী চার মাস পরীক্ষামূলকভাবে চলবে অ্যাপটি। আগামী মার্চে পরীক্ষামূলক কার্যক্রম শেষ হবে।
এই ১০টি স্কুলের শিক্ষার্থীদের মতামত নিয়ে প্রয়োজনে আরও অতিরিক্ত কনটেন্ট যুক্ত করবে গ্রামীণফোন। স্কুলগুলোতে পাইলট প্রকল্প চলাকালীন সময়ে ডিভাইস সেবা দিবে সিম্ফোনি।
এই অ্যাপটির মাধ্যমে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা তাদের ইংরেজি দ্বিতীয় পত্র ও গণিত বিষয়ে পড়তে ও অনুশীলন করতে পারবে। এই দুই শ্রেণির এই দুটি বিষয়ের সব অধ্যায় ও অনুশীলন রয়েছে অ্যাপটিতে।
নিজেদের যাচাইয়ের জন্য পরীক্ষা দেওয়া এবং সংশ্লিষ্ট প্রশ্নের সঠিক উত্তর বের করারও ব্যবস্থা রয়েছে এই অ্যাপে।
এই অ্যাপে অবিভাবকদের জন্যও একটি মডিউল থাকবে যার মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি জানতে পারবেন তারা।
টেলিনর ডিজিটালের সাথে যৌথভাবে এই প্রকল্পটি চালু করেছে গ্রামীণফোন। এসব কনটেন্ট সরবরাহ করেছে দৈনিক প্রথম আলো।
অনুষ্ঠানে জানানো হয়, গুগল প্লে স্টোর থেকে যে কেউ অ্যাপটি ডাউনলোড করতে পারবে। তবে এর ব্যবহারের জন্য নিবন্ধন করতে হবে।
গ্রামীণফোন গ্রাহকদের পাশাপাশি অন্যান্য মোবাইল ফোন অপারেটররাও এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে সেক্ষেত্রে কী ধরনের শর্ত প্রযোজ্য হবে, তা পরীক্ষামূলক কার্যক্রমের পরে ঠিক করা হবে বলে জানানো হয়েছে।
সংসদীয় কমিটির সভাপতি ইমরান আহমেদ বলেন,“গ্রামীণফোনের এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা স্কুল ও শিক্ষকদের পাশাপাশি আরও একটি উপায় পেল নিজেকে তৈরি করার।”
গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন,“এই প্রকল্পটি অনেকদিনের গবেষণার ফসল। গ্রামীণফোনের ভিশন হচ্ছে সামাজিক ক্ষমতায়ন। ইন্টারনেট ফর অল- এই ব্যবস্থায় আমরা সেই কাজটি করতে চাই।”
অনুষ্ঠানে টেলিনরের হেড অব প্রডাক্ট ইনোভেশন গানার সেগেল, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এন এম আবুল কাসেম, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বক্তব্য রাখেন।
