বিচারকদের সচেতন হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
জঙ্গি-সন্ত্রাসীদের জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “ক্রিমিনালদের জামিন দেওয়া থেকে বিরত রেখে এদের সাজাটা যাতে নিশ্চিত হয়, বিচার কার্য যাতে পরিচালিত হয় সেদিকে যদি বিচারকগণ একটু বেশি মনোনিবেশ করেন, তাহলে দেশকে অনেক ক্রাইমের হাত থেকে বাঁচানো যাবে।”
বুধবার জাতীয় সংসদে সরকার দলীয় এক সাংসদের এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী।
কামাল মজুমদার সম্পূরক প্রশ্নে জানান, জঙ্গি-সন্ত্রাসীরা কোর্ট থেকে সহজে জামিন পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ে। তা ঠেকাতে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা?
জবাবে শেখ হাসিনা বলেন, “বিচারক বিচার করবে, আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন। বিচার ব্যবস্থা স্বাধীন বলেই এভাবে জামিন দিতে পারছে। মাননীয় সংসদ সদস্যের মতো আমি আহ্বান জানাব- জামিন যখন দিচ্ছেন এরা যেসব অপরাধ করেছে, অন্তত অপরাধের মাত্রাটা সম্পর্কে একটু যদি চিন্তাভাবনা করে তাদের জামিনের ব্যবস্থাটা করে তাহলে কিন্তু হয়।
“গোয়েন্দা সংস্থা, পুলিশ, আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে অপরাধীদের তথ্য সংগ্রহ করে, গ্রেপ্তার করে, তারপর জামিনে ছাড়া পেয়ে যায়। এটা দুর্ভাগ্যজনক।”
প্রধানমন্ত্রী বলেন, “শত কোটি টাকা খরচ করে একজন অপরাধীকে ধরার পর, সরকারের এক বছরের প্রচেষ্টা মাত্র ১৫ দিনে শেষ হয়ে যায়, কোর্টে জামিন পেয়ে যায় অপরাধী, তা দুঃখজনক।
“আমাদের তো করার কিছু থাকে না। আইন শৃঙ্খলাবাহিনী জীবনের ঝুঁকি নিয়ে অপরাধীদের ধরে। পরে তারা জামিন পেয়ে বেরিয়ে যায়। এটার জন্য জনমত সৃষ্টি হওয়া উচিত।... এ ব্যাপারে বিচার বিভাগের কাছে আমাদের অনুরোধ- তারা যেন এ ব্যাপারে সচেতন হন।”
জনগণ ও দেশের নিরাপত্তার বিষয়ে সবাইকে সচেতন থাকার তাগিদও দেন শেখ হাসিনা।
“যারা আইনজীবী, তারা তো একজনের পক্ষে হবেনই। দেশ ও দেশের মানুষের নিরাপত্তার কথা সবাইকে চিন্তা করতে হবে।...”
বক্তব্যের এক পর্যায়ে বিচার ব্যবস্থা স্বাধীন হওয়ায় তা নিয়ে বেশি মন্তব্য করতে পারছেন না বলে জানান প্রধানমন্ত্রী।
“এখানে বেশি করে কিছু বলতে পারছি না। এখানে আমাদের কোনো হাত থাকে না। বিচার না পেলে সরকারের দোষ, যখন জামিন পেয়ে যায় তখন কাকে দোষ দেবে? সব দোষ আসে সরকারের উপর। এটাই হচ্ছে দুর্ভাগ্য।
“আগামীতে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে।”
জনগণের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী সাইবার অপরাধীদের ধরিয়ে দিতে সবার প্রতি আহ্বানও জানান।
সবার পরিচয় একসূত্রে
হাজি সেলিমের অপর প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “সন্ত্রাসী-জঙ্গিরা নানা ধরনের ঘটনা ঘটাচ্ছে। যারা ঘটাচ্ছে তাদের পরিচয়টা কিন্তু এক। এরা স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, জামায়াত, শিবির, বিএনপি’র লোকেরা ঘটাচ্ছে। বিভিন্ন নামে হলেও তার পূর্বপরিচয় দেখলে, যারা ধরা পড়ছে তাদের খোঁজ খবর নিলে দেখা যায় একই জায়গার লোক তারা।”
বিদেশি নাগরিক হত্যাকারীদের বিচারে পদক্ষেপ বিষয়ে
এম এ আউয়ালের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
“ঘটনার পরিকল্পনাকারী ও মদদদানকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।... দেশবিরোধী ষড়যন্ত্রকারী ও বিদেশি হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলাসহ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হচ্ছে।”
