২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ভ্রমণ সতর্কতা বজায় রেখেছে যুক্তরাষ্ট্র

বিদেশিদের ওপর ‘নতুন করে হামলা হতে পারে’- এমন শঙ্কার কথা জানিয়ে মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের সতর্ক বার্তা হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 08:17 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এই বার্তায় বলেছে, সাম্প্রতিক কয়েকটি ‘উগ্রপন্থি’ হামলার প্রেক্ষাপটে নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও একই ধরনের সতর্কতা মেনে চলতে বলা হয়েছে এই বার্তায়, যা আগামী বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে।

এতে বলা হয়েছে, বাংলাদেশে বিদেশি নাগরিকদের ওপর আবারও হামলা হতে পারে- এমন ‘নির্ভরযোগ্য তথ্য’ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

সেপ্টেম্বরে ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা ও গতমাসে রংপুরে জাপানী কুনিও হোশিকে গুলি করে হত্যার আগে ও পরে একই ধরনের সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র।

এবারের হালনাগাদে ওই দুটি হত্যাকাণ্ডের পাশাপাশি আশুরার আগের রাতে শিয়া সমাবেশে বোমা হামলা, তল্লাশি চৌকিতে দুই পুলিশ হত্যা এবং চলতি বছর যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি লেখক অভিজিৎ রায়সহ ব্লগার ও প্রকাশক হত্যার প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে।

সতর্ক বার্তায় বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র সরকার মনে করে, এসব হুমকির যথার্থতা ও বিশ্বাসযোগ্যতা আছে এবং আবারও হামলার আশঙ্কা আছে।”  

বাংলাদেশে ভ্রমণ বা চলাফেরার সময় যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে সজাগ থাকার পাশাপাশি প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এতে।

বার্তায় বলা হয়েছে, প্রতিবছর হাজার হাজার মার্কিন নাগরিক নির্বিঘ্নে বাংলাদেশ সফর করে আসছেন। তারপরও যারা বাংলাদেশে ভ্রমণ বা চলাফেরা করছেন, তাদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।      

জন সমাগমের স্থান বা যেসব স্থানে সচরাচর বিদেশিরা জড়ো হন, সেসব স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের।  

পাশাপাশি পায়ে হেঁটে যাতায়াত করা, সাইকেল, মোটরসাইকেল বা রিকশার মত খোলা যানবাহনে চলাচল না করারও পরামর্শ দেওয়া হয়েছে।