অধ্যাপক আনিসুজ্জামানকে হত্যার হুমকি
মোবাইল এসএমএসে হত্যার হুমকি পেয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান, যাতে তাকে ব্লগারদের পক্ষে না দাঁড়াতে বলা হয়েছে।
মঙ্গলবার বিকালে ওই এসএমএসটি আসার পর রাতে রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এমেরিটাস অধ্যাপক।
অধ্যাপককে হুমকিদাতাদের শনাক্তের চেষ্টা চলছে বলে গুলশান থানার ওসি মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
অধ্যাপক আনিসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল সাড়ে ৪টার দিকে আমার মোবাইলে একটি এসএমএস আসে, সেটা আমি খুলে দেখি সাড়ে ৫টায়।
“এসএমএসটিতে বিশুদ্ধ ভাষায় ইংরেজিতে যে লেখা আছে, তার সারমর্ম হচ্ছে, আমি ব্লগারদের সমর্থন করি কেন? আপনি কি চাপাতির আঘাতে মরতে চান।”
মঙ্গলবারই অধ্যাপক আনিসুজ্জামানসহ লেখক-অধ্যাপক-সংস্কৃতিকর্মী-সাংবাদিকদের একটি বিবৃতি আসে, যাতে লেখক-প্রকাশকের খুনিদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারকে আহ্বান জানানো হয়।
পাশাপাশি ধর্ম নিয়ে লেখালেখিতে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর পরামর্শের সমালোচনাও করা হয় ওই বিবৃতিতে।
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সব সময় দাঁড়িয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আনিসুজ্জামান অসাম্প্রদায়িক চেতনায় লেখালেখিতে সব সময় সক্রিয়।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে চারজন লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট খুন হওয়ার সম্প্রতি এক প্রকাশককেও হামলা চালিয়ে হত্যা করা হয়।
প্রতিটি হত্যাকাণ্ডই ঘটানো হয় চাপাতির আঘাতে। এসব হত্যাকাণ্ডে জঙ্গিদের সংশ্লিষ্টতার কথা পুলিশের তদন্তেও এসেছে।
মুক্তবুদ্ধির জাগরণকে রুদ্ধ করতে সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠী একের পর এক এ ধরনের হত্যা চালিয়ে যাচ্ছে, মঙ্গলবারের বিবৃতিতেও বলেন আনিসুজ্জামানসহ অন্যরা।
