২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর প্রশিক্ষণ ও শৃঙ্খলায় জোর রাষ্ট্রপতির

সর্বোচ্চ মানের পেশাদারিত্ব অর্জনে সেনাবাহিনীর সব সদস্যদের আধুনিক প্রশিক্ষণের ও কঠোর শৃঙ্খলার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 05:22 PM

Updated : 12 Oct 2022, 04:25 PM

তিনি বলেছেন, “যে কোনো সুশৃঙ্খল বাহিনীর সদস্যদের উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া। তাই সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ মানের পেশাদারিত্ব অর্জনে প্রশিক্ষণকে অগ্রাধিকার দিতে হবে।

“যুগের সঙ্গে তাল মিলিয়ে সর্বাধুনিক কৌশল ও সরঞ্জামাদি সম্পর্কে অবহিত থাকতে হবে। প্রশিক্ষণের পাশাপাশি কঠোর শৃঙ্খলা সেনাবাহিনীর একজন সদস্যকে পেশাগত উৎকর্ষতার শিখরে নিয়ে যেতে পারে।”

মঙ্গলবার চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টার ও স্কুলে ‘পঞ্চম গোলন্দাজ পুনর্মিলনী প্যারেড’ এ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ এ কথা বলেন।

গোলন্দাজ রেজিমেন্টকে বাংলাদেশ সেনাবাহিনীর ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সম্মান ও গৌরব এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে এ রেজিমেন্টের প্রত্যেক সদস্য দায়িত্ব ও কর্তব্যের প্রতি অবিচল থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছে।”

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন রাষ্ট্রপ্রধান। যুগোপযোগী ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে ‘ফোর্সেস গোল ২০৩০’ নির্ধারণের কথাও বলেন তিনি।

“নতুন নতুন গোলন্দাজ রেজিমেন্ট ও দূরপাল্লার কামান সংযোজন এবং অন্যান্য কম্পিউটার বেসড আধুনিক সরঞ্জামাদি গোলন্দাজ কোরের সক্ষমতাকে আরও সুসংহত করেছে।”

রাষ্ট্রপতি গোলন্দাজ কোরের প্যারেড পরিদর্শন করেন এবং পরিদর্শক বইয়ে সই করেন।

প্যারেড ময়দানে আবদুল হামিদ পৌঁছালে সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তাকে স্বাগত জানান।